পাবনায় রাস্তার পাশের বাড়িগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান ডিআইজি’র

পাবনায় রাস্তার পাশের বাড়িগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান ডিআইজি’র

ফন্ট সাইজ:

পাবনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী। গতকাল পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পাবনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন ডিআইজি। এ সময় তিনি অপরাধ দমন ও অপরাধীদের শনাক্ত করতে নাগরিকদের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে রাস্তার পাশে অবস্থিত প্রতিটি বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য বাড়ির মালিকদের প্রতি অনুরোধ জানান তিনি। তার মতে, সড়ক ও আশপাশের এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হলে অপরাধ সংঘটনের পর অপরাধীদের শনাক্ত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তকাজে গুরুত্বপূর্ণ সহায়তা পাওয়া সম্ভব।

মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধপ্রবণতা ও জনদুর্ভোগের নানা বিষয় তুলে ধরেন। ডিআইজি তাদের বক্তব্য শোনেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন— পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।