রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৬

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপাচার্যের কার্যালয়ের গ্লাস ভাঙচুরসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। বুধবার বিকাল ৩টার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন। সূত্রটি জানায়, ফেসবুকে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মঙ্গলবার বিকালে উপাচার্যের কার্যালয়ে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের সৃষ্টি হয়।

পরে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রত্যক্ষদর্শী ও সাধারণ শিক্ষার্থীরা জানান, ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ ও প্রতিকার চেয়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা উপাচার্যের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিতে যান। এ সময় উপাচার্যের দপ্তরে প্রবেশের পথে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাদের বাধা দেয়। এ নিয়ে উভয়ের বাকবিতণ্ডা শুরু হয়। পরে তারা হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি হাবিব আদনান বলেন, ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম স্যারের ইন্ধনে অর্থনীতি বিভাগের হাসান, তালহা, সাগর ও রাতুলসহ আরও ৮ থেকে ১০ জন কোনো কারণ ছাড়াই আমাদের এলোপাতাড়িভাবে মারধর শুরু করে। এতে আমি, গাজী ও রাব্বি আঘাতপ্রাপ্ত হই। ওরা শুধু আমাদের মেরেই ক্ষান্ত হয়নি, উপাচার্যের দপ্তরের বিভিন্ন সরঞ্জামও তারা ভাঙচুর করেছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, আমি কোনো শিক্ষার্থীকে ইন্ধন দেইনি। সবাই আমাদের শিক্ষার্থী। কেউ ক্ষতিগ্রস্ত হোক, সেটা আমরা কেউ চাই না। তিনি আশাবাদী, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।