মৌলভীবাজারে শ্রমিক খুনের ঘটনায় ক্ষোভ

ফন্ট সাইজ:

মৌলভীবাজার শহরতলীর কালেঙ্গা রোডের সোনাপুর এলাকায় গত ১৬ই নভেম্বর রাত ১২টার দিকে দুর্বৃত্তরা মো. হাবিবুর রহমান নামের একজন রিকশা শ্রমিককে খুন করে রিকশার ব্যাটারিসহ যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় রিকশা শ্রমিকদের মাঝে আতঙ্ক ও তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে জানিয়ে মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন এক বিবৃতিতে অবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সড়কে চলাচলের সময় রিকশা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়।

জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সোহেল মিয়া ও সাধারণ সম্পাদক দুলাল মিয়া গতকাল গণমাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে বলেন, সাম্প্রতিক সময়ে শহরে রিকশা শ্রমিকরা প্রায়শই দুর্বৃত্তদের দ্বারা চুরি, ছিনতাই ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। ১৬ই নভেম্বর রাতে যাত্রী সেজে দুইজন দুর্বৃত্ত শহরের বিভিন্ন স্থানে তাকে নিয়ে ঘোরাঘুরি করে এবং রাত ১২টার দিকে শহরতলীর সোনাপুর এলাকার নির্জন স্থানে নিয়ে গিয়ে খুন করে ব্যাটারি খুলে পালিয়ে যায়। পরদিন ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে। নিহত হাবিবুর মৌলভীবাজার শহরের শিমুলতলা এলাকায় বসবাস করতেন। সম্প্রতি সে কিস্তিতে একটা রিকশা কিনে জীবিকা নির্বাহ করছিল।