সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বর্ণালংকারের লোভে মতিফুল বেগম নামে এক মা’কে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদকাসক্ত ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পৌঁছে মায়ের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মতিফুল ওই গ্রামের ছরোয়ার হোসেনের স্ত্রী। গ্রেপ্তারকৃতরা হলো- নিহতের মাদকাসক্ত ছেলে আশরাফ আলী (২০), তার সহযোগী একই গ্রামের ময়ান প্রামাণিকের ছেলে আব্দুর রাহিম (২২) ও স্থানীয় স্বর্ণকার আব্দুল জলিল। পুলিশ ও স্থানীয়রা জানায়, মায়ের গলায় থাকা স্বর্ণের একটি ধান তাবিজ ও কানের দুলের লোভে মাদকাসক্ত ছেলে আশরাফ মা’কে হত্যার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী রাহিমের সহযোগিতায় মায়ের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর মরদেহ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দি করে তারা। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার ও ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করে। উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত মাদকাসক্ত ছেলে, তার এক সহযোগী ও একজন স্বর্ণকারকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জে মা’কে হত্যা করে বস্তাবন্দি, ছেলেসহ গ্রেপ্তার ৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
