সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি টাকা-স্বর্ণালংকারসহ মালামাল ছিনতাই

ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গার দর্শনার সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুই সাবেক চেয়ারম্যানসহ কয়েকজন যাত্রীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মালামাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আল ইমরান টাইগার বুধবার দর্শনা থানার তিতুদহ গ্রামে নারীঘটিত একটি বিষয়ে সালিশ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। পরে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দর্শনা থানাধীন গহেরপুর কানাপুকুর এলাকায় পৌঁছালে সড়কে ব্যারিকেড দিয়ে একদল সশস্ত্র ডাকাত তার গাড়ির গতিরোধ করে। এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে তাকে ও গাড়িতে থাকা যাত্রীদের জিম্মি করে মারধর করে। পরে তাদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের খবর পেয়ে তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হন। সেখানে পৌঁছানোর পর তিনিও ডাকাতদলের কবলে পড়েন। এ সময় তার গাড়িতে থাকা যাত্রীরাও মারধর ও লুটপাটের শিকার হন বলে জানা গেছে। পর পর দুই দফা ডাকাতির ঘটনায় দুই সাবেক চেয়ারম্যানসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে ভুক্তভোগী সূত্রে জানা গেছে। এ বিষয়ে দর্শনা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।