রাঙ্গামাটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। বুধবার শহরের রিজার্ভ বাজারের লঞ্চঘাটে ওই দুই যুবক স্থানীয়দের হাতে আটক হওয়ার পর কোতোয়ালি থানা পুলিশের একটি দল তাদের হেফাজতে নেয়। আটক দু’জনই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে খোঁজ নিয়ে জানা গেলেও তাদের দলীয় পদ-পদবি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আটক ব্যক্তিরা হলো, শামিনুল ইসলাম সাইফ (২০) রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাসিন্দা। অপরজন মো. নাজমুল সরকার লংগদু উপজেলার বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা বর্তমান সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দেয়ার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে উস্কানিমূলক বক্তব্য প্রকাশ করে আসছিল।
এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে উত্তেজনা ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছিল বলে দাবি স্থানীয়দের। স্থানীয়দের ভাষ্য, আটকের পর তাদের ব্যবহৃত মোবাইল ফোনে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের ছবি, ভিডিওসহ নানা তথ্য পাওয়া গেছে। চট্টগ্রামের সিআরবিসহ বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশে অংশগ্রহণের তথ্যও রয়েছে বলে দাবি করেছেন তারা। তবে এসব তথ্যের সত্যতা ও রাজনৈতিক কর্মকাণ্ডে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে যাচাই করা প্রয়োজন। রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, তাদের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
