গবেষণার মাধ্যমে শিল্প প্রতিষ্ঠান, কৃষি ও মেরিন খাতের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে গবেষণাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেয়ার সুযোগ রয়েছে। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হীরক জয়ন্তীর অনুষ্ঠানে দুপুর ১২টায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারার বিষয়েও আক্ষেপ প্রকাশ করেন অর্থমন্ত্রী।
আমীর খসরু বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রয়েছে সমৃদ্ধ অ্যালামনাই, অভিজ্ঞ শিক্ষক ও সুন্দর প্রাকৃতিক পরিবেশ। পাহাড়, নদী ও সমুদ্রঘেরা অবস্থানের কারণে এ বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়কে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা প্রয়োজন। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার বড় পরিকল্পনা নিয়ে কাজ করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও বড় পরিসরে গবেষণা কার্যক্রম শুরু করে শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবার মধ্যে মুক্ত আলোচনা হওয়া প্রয়োজন। বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিধি বাড়িয়ে দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংযোগ স্থাপনে সরকার কাজ করছে। এতে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখা সম্ভব হবে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিএসসি নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস নির্মাণ এবং পরিবহন সংকট নিরসনেও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। নতুন লোকোমোটিভ ও রেলকোচ থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য বিশেষ বরাদ্দ দেয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক যেকোনো কাজে আন্তরিকভাবে সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑ ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, চবি ভিসি অধ্যাপক ড. আল ফোরকান, চবি প্রো-ভিসি (একাডেমিক) ড. মোহাম্মদ আল-আমীন ও প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি ভিসি অধ্যাপক ড. আল ফোরকান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরক জয়ন্তী উৎসব বুধবার সকাল ১০টায় ভিসি অধ্যাপক ড. আল ফোরকানের সভাপতিত্বে উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তনদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।
