ধোবাউড়ায় অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে মাঠে প্রশাসন ও বিএনপি, সীমান্তে টহল জোরদার

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ধোবাউড়ায় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় সক্রিয় হয়েছে উপজেলা প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার বিকাল থেকে সীমান্ত এলাকায় তৎপরতা শুরু করেন তারা। বুধবার বিকালে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন নিয়ে সীমান্ত এলাকার উদ্দেশ্যে বের হন। এ সময় তারা সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থান নেন।
অন্যদিকে, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে গত দু’দিন ধরে মাঠে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) মুকসুদুল সালেহীন ও ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম। তারা সীমান্তের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন এবং সরজমিন অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতায় সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক অবস্থান বজায় রাখা হয়েছে। এ ব্যাপারে উপজেলা বিএনপি’র সদস্য সচিব আনিছুর রহমান মানিক বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অরাজকতা বোমাবাজির বিরুদ্ধে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা সতর্ক অবস্থানে রয়েছে, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা জনগণের জানমালের নিরাপত্তা এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপি ও ঐক্যবদ্ধ জনতা আওয়ামী সন্ত্রাসীদের রুখে দেবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন বলেন, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিজিবি’র সমন্বয়ে যৌথ টহল অব্যাহত রেখেছি।