শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে আরারও টিকেট কালোবাজারি

ফন্ট সাইজ:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের টিকেট আবারো কালোবাজারিদের হাতে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের টিকেট বিক্রি হয় সকাল ৭টা থেকে রাত পর্যন্ত। কিন্তু কিছু দিন টিকেট বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে কালোবাজারির মাধ্যমে টিকেট বিক্রি। এর সঙ্গে জড়িত রেলওয়ে লেবার থেকে কর্মকর্তারাও। জানা যায়, সিলেট বিভাগের রেলপথের মধ্যে গুরুত্বপূর্ণ জংশন শায়েস্তাগঞ্জ। হবিগঞ্জ জেলার ৯টি উপজেলার মানুষ রেলপথে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন। তাই বিভাগের মধ্যে জংশনটির গুরুত্ব অনেক বেশি। রেলওয়ে জংশনের রিমডেলিং কাজ ২০০৫ সালে শেষ হলে একটি আধুনিক স্টেশনে রূপান্তরিত হয় শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন। ঢাকা-সিলেট রেলপথে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা, কালনী, উপবন ট্রেন ও সিলেট-চট্টগ্রামে পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস ট্রেন চলাচল করে।

সরজমিন রেলওয়ে স্টেশনে ঘুরে দেখা গেছে, দুপুরে পাহাড়িকা ট্রেনের টিকেট নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে যাত্রীরা। অন্যদিকে স্টেশনের ভেতরে সহকারী মাস্টারসহ লেবাররা টিকেট বিক্রি করছে নির্দ্বিধায়। কাউন্টারে টিকেট না পেয়ে অনেক যাত্রী বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে কালোবাজারির কাছ থেকে টিকেট নিচ্ছেন। বাদ যায়নি স্থানীয় সাংবাদিকসহ অনেকেই। এমন অভিযোগ রয়েছে রেলওয়ে কর্মকর্তাদের বিরুদ্ধে। জানা যায়, গত ২৯শে মার্চ পারাবতের টিকেট কিনতে যায় স্থানীয় এক সাংবাদিক। কাউন্টারে টিকেট না পেয়ে ঢাকাগামী একটি টিকেট যার মূল্য ৪০০ টাকা কিন্তু মাস্টার ৬০০ টাকা নিয়েছে টিকেটটির দাম। এছাড়া ২৯ তারিখের টিকেট ২০ তারিখ কাউন্টার থেকে কেটে নেয়া হয়। বিষয়টি সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দাস জানালে তিনি বলেন, টিকেট কালোবাজারির সঙ্গে স্টেশনের যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। টিকেট কালোবাজারি বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছে সাধারণ যাত্রীরা।