ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের প্রথম ও সর্ববৃহৎ স্টিল আর্চ সেতু। অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনি হারবার ব্রিজের আদলে নির্মাণাধীন দৃষ্টিনন্দন এই সেতুর কাজ ২৭ শতাংশ এগিয়েছে। ভূমি অধিগ্রহণ, বিদ্যুতের খুঁটি ও গ্যাস লাইন স্থানান্তরসহ নানা জটিলতায় শুরুতে নির্মাণকাজে ধীরগতি থাকলেও বর্তমানে প্রকল্প এলাকায় চলছে কর্মযজ্ঞ। সংশ্লিষ্টদের লক্ষ্য, ২০২৮ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্রে জানা গেছে, ৩ হাজার ২৬৩ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির আওতায় মূল সেতুর দৈর্ঘ্য ১ দশমিক ১ কিলোমিটার। এর মধ্যে ৩২০ মিটার জুড়ে থাকবে দৃষ্টিনন্দন স্টিল আর্চ।
দুই প্রান্তে পিলার থাকলেও নদীর মাঝখানে কোনো পিলার থাকবে না। দুই পাশের সংযোগ সড়কসহ পুরো প্রকল্পের দৈর্ঘ্য ৬ দশমিক ২ কিলোমিটার। সেতুটিতে থাকছে ছয় লেনের যোগাযোগ ব্যবস্থা, ৫৫১ মিটার সড়ক ওভারপাস, ২৪০ মিটার রেলওয়ে ওভারপাস, টোল প্লাজা, বিশ্রামাগার, ওয়াচ টাওয়ার ও দৃষ্টিনন্দন পার্ক। পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রকল্পের শুরুতে ভূমি অধিগ্রহণ, বিদ্যুতের খুঁটি, গ্যাস লাইনসহ বিভিন্ন ইউটিলিটি স্থানান্তর নিয়ে জটিলতা দেখা দেয়। নির্ধারিত সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে পুরো কর্মস্থল বুঝিয়ে দিতে না পারায়ও নির্মাণকাজ ব্যাহত হয়। সরকার পরিবর্তনের পর প্রশাসনিক ও কারিগরি কিছু জটিলতায় কয়েক মাস কাজের গতি আরও কমে যায়। এসব প্রতিবন্ধকতা কাটিয়ে বর্তমানে কাজ এগিয়ে নেয়ার চেষ্টা চলছে। সেতু প্রকল্পের পরিচালক মো. দিদারুল আলম তরফদার বলেন, প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) প্রকল্পটির অগ্রগতি পর্যবেক্ষণ করছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতেও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হচ্ছে। সেতুটি চালু হলে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ও শম্ভুগঞ্জ এলাকায় যানজটের চাপ কমবে বলে আশা করছেন পরিবহনচালকরা। জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা কেওয়াটখালী সেতু। প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। সেতুটি চালু হলে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।
