ঝুঁকিপূর্ণ কালভার্ট

ফন্ট সাইজ:

নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের একডালা-চয়েনের মোড় সড়কের একটি কালভার্ট প্রায় ছয় মাস ধরে ঝুঁকিপূর্ণ। কালভার্টের ওপরের অংশ ভেঙে বড় গর্ত। গর্তের ভেতর থেকে বেরিয়ে আছে লোহার রড। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছেন কয়েক গ্রামের শিক্ষার্থী, ব্যবসায়ীসহ হাজারো মানুষ।
সরজমিন দেখা যায়, কালভার্টের ওপরের অংশের একটি বড় জায়গা ভেঙে দীর্ঘ গর্তের সৃষ্টি হয়েছে। ভেতর থেকে বেরিয়ে থাকা লোহার রড যানবাহন চলাচলের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। জীবনের ঝুঁকি নিয়েই গর্তের পাশ দিয়ে রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল করছে। কালভার্টটি একডালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত হলেও সড়কটি পার্শ্ববর্তী ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াতের অন্যতম প্রধান পথ।

এ ছাড়া ৯ নম্বর ওয়ার্ডের শিয়ালা উচ্চ বিদ্যালয়সহ আশপাশের কয়েকটি গ্রামের শিক্ষার্থীরা প্রতিদিন এ সড়ক দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। অন্যদিকে, পার্শ্ববর্তী বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গরু ব্যবসায়ীরাও রাণীনগরের অন্যতম বৃহৎ ও পুরনো আবাদপুকুর বাজারে আসা-যাওয়ার জন্য সড়কটি ব্যবহার করেন। ফলে কালভার্টটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় কয়েক গ্রামের মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, কালভার্টটির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে। হোয়াটসঅ্যাপেও লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। আগামী সপ্তাহে উপজেলা পরিষদে গিয়ে আবারও খোঁজখবর নেবেন। এলজিইডি কোনো পদক্ষেপ না নিলে নিজ উদ্যোগে কালভার্টটি সংস্কারের ব্যবস্থা করবেন বলেও জানান- তিনি। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ সড়কের একটি কালভার্ট ছয় মাস ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকলেও সংস্কারে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই কালভার্টটি মেরামত করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।