রামেক হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে অসহায় রোগীরা

ফন্ট সাইজ:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর ও আউটডোরে দালালের দৌরাত্ম্য দিনের পর দিন বেড়েই চলেছে। হাসপাতালের ইনডোর ও আউটডোরে দালালদের অবাধ বিচরণ রয়েছে। দালালদের অবাধ বিচরণের ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা এদের কাছে অসহায় হয়ে পড়েছেন। প্রতিনিয়তই কোনো না কোনো রোগী দালালদের খপ্পরে তাদের সর্বস্ব হারিয়ে চিকিৎসা ছাড়াই বাসায় ফিরে যাচ্ছেন। হাসপাতালের দালালরা লক্ষ্মীপুর এলাকার ওষুধের ফার্মেসি, নিম্নমানের ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন ক্লিনিকে রোগী সরবরাহ করে থাকে। রামেক হাসপাতালের বহির্বিভাগ সংলগ্ন রাস্তার ধারে বেশ কিছু ওষুধের ফার্মেসি গড়ে উঠেছে। এ সব ফার্মেসিতে কোনো ক্রেতা নিজে থেকে যায় না। বিভিন্ন দালাল বাইরে থেকে আসা রোগীদেরকে কম টাকায় ওষুধ কিনে দেয়ার কথা বলে ওই ফার্মেসিগুলোতে নিয়ে যায়। ফার্মেসিগুলোতে নেয়ার পরে অতিরিক্ত দাম ধরে ভুয়া সিøøপ হাতে ধরিয়ে দেয়।

আর এ সব দালাল-নির্ভর ফার্মেসিগুলোতে মূলত দালালরাই রোগী নিয়ে যায়। কিছু ফার্মেসির মালিক তাদের ওষুধ বিক্রির জন্য হাসপাতালে দালাল নিয়োগ করেছে। যারা ফার্মেসির দালাল হিসেবে কাজ করে তাদের পার্সেন্ট হিসাবে টাকা প্রদান করা হয়। এ ফার্মেসিগুলো মূলত বাজারের অন্য ফার্মেসির চেয়ে অনেক বেশি দাম ধরে থাকে ক্রেতাদের কাছ থেকে। ফলে ক্রেতারা একবার তাদের কাছে গেলে আর ওই ফার্মেসিতে ওষুধ কিনতে যায় না। এসব দালাল হাসপাতালে প্রকাশ্যে ঘুরলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না কর্তৃপক্ষ। মাঝে-মধ্যে ২/১ জন ধরা পড়ে। তবে বেশির ভাগ দালাল ধরা-ছোঁয়ার বাইরেই থেকে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, এসব ফার্মেসিতে নির্দিষ্ট কিছু ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ পাওয়া যায় না। রামেক হাসপাতালের ইনডোর ও আউটডোরে রোগীদের নিরাপত্তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ আনসার বাহিনী মোতায়েন করেছেন।

সরজমিন হাসপাতালের বহির্বিভাগে গিয়ে দেখা গেছে, আনসার সদস্যরা বহির্বিভাগের মূল গেটে দাঁড়িয়ে আছে অথচ হাসপাতালের ভেতরে দালালরা অবস্থান করছে। হাসপাতালের প্রতিটি গেটেই আনসার সদস্য মোতায়েন করা হয়েছে রোগীদের নিরাপত্তার জন্য। এত কিছুর পরেও কীভাবে আনসার সদস্যদের চোখ ফাঁকি দিয়ে দালালরা ভেতরে প্রবেশ করছে। গোদাগাড়ী উপজেলা থেকে আসা এক ব্যক্তি অভিযোগ করে বলেন, আমরা সাধারণ মানুষ যখন হাসপাতালের গেট দিয়ে ভেতরে প্রবেশ করি তখন কর্তব্যরত আনসার সদস্যরা গেট পাস চাই কিন্তু দালাল প্রবেশ করলে তাদের কাছে গেট পাস চাইনা। এভাবেই দালালরা হাসপাতালে প্রবেশ করে রোগীদের ধরে নিয়ে যায়। সূত্রে জানা গেছে, আবার কিছু কিছু দালাল নিজের নির্দিষ্ট কিছু ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচয় দিলে তাদের কিছু বলা হয় না। তারা অবাধে কাজ করতে পারে। এ বিষয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ-উল-ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।