প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন আজ

ফন্ট সাইজ:

একদিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (বৃহস্পতিবার) লালমনিরহাটে আসছেন। সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন। সকাল সাড়ে ১১টায় মণ্ডলেরহাট এলাকায় মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন করবেন। একইস্থানে জনসভায় ভাষণ দেবেন। পথে বাদারবাঁশের তলায় সালেহা ও জুলেখা অসহায় দুই বোনকে ত্রাণ মন্ত্রণালয় থেকে তৈরি করা পরিবেশবান্ধব বাড়ির চাবি উপহার দেবেন প্রধানমন্ত্রী। দুপুরে সার্কিট হাউজে বিশ্রাম নিয়ে দুপুর ২টা ৩০ মিনিটে লালমনিরহাট কালেক্টর মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে ১৫ হাজার স্বেচ্ছাসেবীদের সঙ্গে বক্তব্য দেবেন। পরে বিকাল ৪টায় ঢাকার উদ্দেশ্য রওনা হবেন বলে সফরসূচিতে জানা গেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ২২ বছর পর লালমনিরহাট সফরে আসছেন। তার সফর কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চলছে। শহরের মিশন মোড়ে তৈরি করা হয়েছে আলোকিত স্তম্ভ। শহর সাজানো হয়েছে বর্ণিল সাজে। এ সফরের প্রতিক্ষায় রয়েছে লাখো মানুষ। তারেক রহমানের দিকে তাকিয়ে তিস্তাপাড়ের অসহায় পরিবারগুলো। তিস্তা মহাপরিকল্পনা ঘোষণার অপেক্ষায় তারা। এ ছাড়াও লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট স্থলবন্দর চালুর ঘোষণার অপেক্ষা করছেন এলাকার মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, প্রধানমন্ত্রীর সফরের সকল প্রস্তুতি শেষ।