ইয়াসিন নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার

জঙ্গল সলিমপুর

ইয়াসিন নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকেন্দ্রিক অপরাধী নেটওয়ার্কের প্রধান ইয়াসিন ওরফে ‘জামাই ইয়াসিন’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে নগরের পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার বিকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তাদের বিরুদ্ধে র‌্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা-ভাঙচুর, সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রয়েছে। গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলো— ইয়াসিনের প্রধান সহযোগী আবদুর শুক্কুর, তার ভাগনে মেহেদী হোসেন, সাকিবুল হাসান ও আনোয়ার হোসেন এবং সহযোগী পারভেজ মোশারফ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা র‌্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুর, সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ক্যাম্পের পানিতে বিষ প্রয়োগের মতো গুরুতর অপরাধে জড়িত। তাদের মধ্যে আবদুর শুক্কুর ইয়াসিনের দ্বিতীয় প্রধান সহযোগী হিসেবে কাজ করতেন। ইয়াসিনের বিভিন্ন কর্মকাণ্ড ও জমি কেনাবেচার ব্যবস্থাপনায়ও তার ভূমিকা ছিল। মেহেদী ও সাকিবুল আপন দুই ভাই এবং ইয়াসিনের বোনের ছেলে। তারা ‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি’র ফেসবুক পেজের অ্যাডমিন ছিলেন। ইয়াসিনের আরেক ভাগনে আনোয়ারও ভুয়া আইডি’র মাধ্যমে প্রচারণায় যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১০টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আটটি অ্যান্ড্রয়েড ও দু’টি বাটন ফোন। এসব ফোন প্রাথমিকভাবে পর্যালোচনা করে ৩৯টি ফেসবুক আইডি ও পেজের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’, ‘জঙ্গল সলিমপুর নিউজ ২৪’, ‘জঙ্গল সলিমপুর মিডিয়া সেল’, ‘নাগরিকবার্তা ২৪’, ‘আলিনগর প্রিমিয়ার লীগ’, ‘জনগণের নেতা’, ‘জাগ্রত আলীনগর’, ‘দ্য ডেইলি ফার্স্ট সান’ ও ‘দ্য ডেইলি নিউজ’।

গোয়েন্দা পুলিশের দাবি, এসব আইডি ও পেজের মাধ্যমে পুলিশ, বিজিবি ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হতো। সমন্বিত লাইক, কমেন্ট ও শেয়ারের পাশাপাশি অর্থের বিনিময়ে পোস্ট বুস্ট করে অপপ্রচার ছড়ানোর তথ্য পাওয়া গেছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে প্রশাসনবিরোধী মনোভাব তৈরি এবং সরকারি অভিযান বাধাগ্রস্ত করার চেষ্টা করা হতো। উদ্ধার করা মুঠোফোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। অপপ্রচারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তি ও অর্থায়নকারীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।