কুমিল্লায় অর্থনৈতিক শুমারি ২০২৪ এর ফলাফল প্রকাশ এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্ট্রার (এসবিআর) বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, যেকোনো দেশের টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং সঠিক অর্থনৈতিক নীতিনির্ধারণের জন্য নির্ভুল ও হালনাগাদ পরিসংখ্যানের কোনো বিকল্প নেই। অর্থনৈতিক শুমারি ২০২৪ এর ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্ট্রার (এসবিআর) আমাদের স্থানীয় ও জাতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃত চিত্র তুলে ধরবে, যা ভবিষ্যতে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক আতিকুর রহমান চৌধুরী, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সজিব তালুকদার। এ ছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, ব্যবসায়ী প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও গণমাধ্যমকর্মীরা সেমিনারে অংশ নেন। সেমিনারে বক্তারা অর্থনৈতিক শুমারির তথ্য-উপাত্তের যথাযথ ব্যবহার এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও ডিজিটালাইজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।
