নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতার ছেলে বাবাকে দল থেকে অব্যাহতি

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতার ছেলে বাবাকে দল থেকে অব্যাহতি

ফন্ট সাইজ:

ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দিয়েছে— এমন অভিযোগ ওঠার পর চট্টগ্রামের রাউজানে বিএনপি’র এক নেতাকে দলীয় সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গত মঙ্গলবার সেলিম উদ্দিন চৌধুরী নামের ওই নেতার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়। তিনি উপজেলার কদলপুর ইউনিয়ন বিএনপি’র একাংশের যুগ্ম আহ্বায়ক। স্থানীয়ভাবে জানা গেছে, ওই ইউনিয়নে বিএনপি’র দু’টি কমিটি রয়েছে। সেলিমের ছেলে সজীব উদ্দিন চৌধুরীর নেতৃত্বে গত সোমবার ভোরে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সত্তারঘাট এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং পুলিশের তথ্য অনুযায়ী, মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেয় সজীব। এতে ৮ থেকে ১০ জন অংশ নেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই মিছিল শেষ করে তারা সেখান থেকে সরে যায়। পুলিশ জানায়, ভিডিও দেখে সজীবকে শনাক্ত করা হয়েছে। সে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। সম্প্রতি দেশে ফিরে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমে আবারো সক্রিয় হয়েছে। এর আগেও সে সংগঠনটির রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। মিছিলে অংশ নেয়া অন্যরা বহিরাগত বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। এ ঘটনার প্রায় ১৮ ঘণ্টা পর সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে একই এলাকায় নাশকতার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। চার থেকে পাঁচটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক মহাসড়কের উপর টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

স্থানীয় সূত্রের অভিযোগ, দুর্বৃত্তরা ফাঁকা গুলিও ছোড়ে। খবর পেয়ে রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলে করে হাটহাজারীর দিকে পালিয়ে যায় তারা। পুলিশ জ্বলন্ত টায়ারের আগুন নিভিয়ে সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নেয়। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। ছেলের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বাবাকে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কদলপুর ইউনিয়ন বিএনপি’র একাংশের আহ্বায়ক নজরুল ইসলাম। তিনি বলেন, ছেলের কর্মকাণ্ডের বিষয়ে আগেও কয়েকবার সতর্ক করা হয়েছিল। ছেলেকে এসব কার্যক্রম থেকে বিরত রাখতে বলা হলেও তিনি তা করতে ব্যর্থ হয়েছেন। এ কারণে তাকে কার্যত দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পরবর্তী দলীয় সভায় তার বিষয়ে আনুষ্ঠানিক সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নজরুল। এ বিষয়ে সেলিমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। রাউজান উপজেলা যুবদলের সভাপতি শাহজাহান সাহিল জানান, সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে তারা এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পাহারায় ছিলেন। রাত সোয়া ১২টার দিকে এক অটোরিকশাচালকের মাধ্যমে মহাসড়কে টায়ার জ্বালানোর খবর পেয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলের দিকে রওনা হন।

তবে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়ে হাটহাজারীর দিকে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বিএনপি নেতার ছেলে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হয়েছেন। তার নেতৃত্বে স্বল্প সময়ের জন্য একটি মিছিল হয়েছে। মিছিলে অংশ নেয়া অন্যরা বহিরাগত। মিছিলের পর রাতে টায়ার জ্বালিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দু’টি ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।