জয়পুরহাটের কালাই উপজেলায় নতুন আমন ধান কাটা ও মাড়াই চলছে। মাঠ থেকে ধান ঘরে তোলার পাশাপাশি জমিতে আলু রোপণের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। কিন্তু নতুন ধান বাজারে উঠতেই শুরু হয়েছে দরপতন। মাত্র সাতদিনের ব্যবধানে মোটা ও চিকন জাতের ধানের দাম মণপ্রতি ৪০০ থেকে ৬০০ টাকা কমেছে। বুধবার পাঁচশিরা বাজারে মোটা জাতের মামুন ধানের দাম আরও কমে ১ হাজার ৫০ টাকায় নেমেছে। এতে উৎপাদন খরচ তুলতে না পেরে লোকসানের আশঙ্কায় পড়েছেন কৃষকরা।
এবার উপজেলায় বিআরআরআই ধান-৭৫, ৮৭ ও ৯০, বিআর-১৭, বিআর-২৯, বিআর-৪৯, মামুন ও ধানি গোল্ডসহ বিভিন্ন জাতের আমন ধান চাষ হয়েছে। পাশাপাশি কাটারিভোগ ও নাজিরশাইলের মতো চিকন জাতের ধানও আবাদ করেছেন কৃষকরা। জাত, দানার মান, শুকনো অবস্থা ও আর্দ্রতার ওপর এসব ধানের দাম নির্ভর করে।
বুধবার উপজেলার বৃহৎ ধান-চালের মোকাম পাঁচশিরা বাজারে দেখা যায়, মামুন ধান প্রতি মণ ১ হাজার ৫০ থেকে ১ হাজার ৮০ টাকা, স্বর্ণা-৫ ধান ১ হাজার ১০০ থেকে ১ হাজার ১৫০ টাকা, ধানি গোল্ড ১ হাজার ৮০ থেকে ১ হাজার ১০০ টাকা, গোল্ডেন আতপ ১ হাজার ৮৫০ থেকে ১ হাজার ৯০০ টাকা এবং বিআর-৯০ আতপ ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে মামুন, বিআর-২৯ ও বিআর-৪৯ ধান বিক্রি হয়েছে ১ হাজার ১২০ থেকে ১ হাজার ১৩০ টাকায়। সে হিসাবে একদিনে মামুন ধানের দাম কমেছে ৪০-৮০ টাকা।
সাতদিন আগে ছিল ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৬৫০ টাকা মণ। বর্তমানে কমেছে ৫২০-৬০০ টাকা। একই সময়ে কাটারি ও নাজিরশাইল ধানের দামও মণপ্রতি ৫০০-৬২০ টাকা কমে ১ হাজার ৫৮০ থেকে ১ হাজার ৬৫০ টাকায় নেমেছিল। উপজেলার ঝামুটপুর গ্রামের কৃষক এনামুল হক এবার ২০ বিঘা জমিতে বিআর-১৭, বিআর-২৯, বিআর-৪৯, মামুন ও ধানি গোল্ড ধান চাষ করেছেন। বিঘাপ্রতি ১৪ থেকে ১৫ মণ হিসাবে উৎপাদন হয়েছে ২৮০ থেকে ৩০০ মণ। জমি প্রস্তুত থেকে ধান কাটা ও মাড়াই পর্যন্ত বিঘাপ্রতি খরচ হয়েছে ২৫ থেকে ২৬ হাজার টাকা। মোট খরচ ৫ লাখ থেকে ৫ লাখ ২০ হাজার টাকা। তিনি বলেন, মাত্র সাতদিনে ধানের দাম মণপ্রতি ৫০০ টাকার বেশি কমেছে। পুনটহাট বাজারের কৃষক আবু কালাম বলেন, আগে মোটা ধান ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি করেছি। এখন তা ১ হাজার ১০০ টাকার আশপাশে। উৎপাদন খরচ বাড়লেও ধানের দাম কমছে। পাঁচশিরা বাজারের মোল্লা চালকলের স্বত্বাধিকারী ওবাইদুর রহমান মোল্লা বলেন, দানা ভালো ও শুকনো হলে দাম বেশি পাওয়া যায়। নতুন ধানের সরবরাহ বেড়েছে, অনেক ধানের মানও ভালো নয়। তাই দাম কমেছে। আমদানি বেশি হওয়ার কারণে দাম কমছে- এমন অভিযোগ সঠিক নয়।
এদিকে, সরকার চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে প্রতি কেজি ৩৫ টাকা বা মণপ্রতি ১ হাজার ৪০০ টাকা দরে ৩ লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। ১৪ই নভেম্বর থেকে ২০২৭ সালের ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ কার্যক্রম চলার কথা। অথচ কালাইয়ে মোটা মামুন ধান সরকারি দরের চেয়ে মণপ্রতি ৩২০ থেকে ৩৫০ টাকা কমে বিক্রি হচ্ছে। কৃষকদের দাবি- প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা বাড়াতে হবে। জেলা কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সরকার নির্ধারিত দরে ধান বিক্রি করতে পারলে কৃষক লাভবান হবেন। বাজারে দাম এত কম হওয়ার কথা নয়। দরপতনের কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
