পুলিশের গুলিতে পঙ্গু ছাত্রদল নেতা, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

পুলিশের গুলিতে পঙ্গু ছাত্রদল নেতা, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

ফন্ট সাইজ:

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামকে তুলে নিয়ে গুলি করে পঙ্গু করে দেয়ার অভিযোগে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, দায়ীদের শনাক্ত এবং স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।
এ রিটের পরিপ্রেক্ষিতে গত ১৭ই নভেম্বর হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রুল জারির পাশাপাশি ছয় মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বুধবার আইনজীবী আমীনূর রহমান শেখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে মো. সাইফুল ইসলামের পক্ষে রিটটি দায়ের করেন। এতে বাংলাদেশ সরকারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটের বিবরণ অনুযায়ী, সাইফুল ইসলাম চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী দলের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

অভিযোগ করা হয়, ২০২১ সালের ১৬ই জুন রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে বায়েজিদ বোস্তামী থানার জামান হোটেল থেকে সাদা পোশাকে পুলিশ সদস্যরা তাকে একটি সাদা প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরদিন ১৭ই জুন রাত আনুমানিক ১টার দিকে অজ্ঞাত স্থানে নিয়ে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং বাম হাঁটুতে পরপর দু’টি গুলি করা হয় বলে রিটে উল্লেখ করা হয়েছে। পরে বায়েজিদ বোস্তামী থানার অস্ত্র আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তার বাম পা হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হয়। এতে তিনি স্থায়ী শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন এবং স্বাভাবিক জীবন ও কর্মক্ষমতা হারান। রিটে আরও বলা হয়, অস্ত্র আইনের ওই মামলায় গত ৯ই এপ্রিল ২০২৬ বিশেষ ট্রাইব্যুনাল তাকে খালাস দেন। বিচারিক কার্যক্রমে সাক্ষীদের বক্তব্য, জব্দতালিকা ও তদন্তের বিভিন্ন অসঙ্গতি উঠে আসে।

তবে কে গুলি চালিয়েছিল, কী পরিস্থিতিতে গুলি করা হয়েছিল এবং কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, সেসব প্রশ্নের সন্তোষজনক নিষ্পত্তি হয়নি। গত ১৭ই নভেম্বর বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রুল জারি করেন। রুলে অতিরিক্ত ও অবৈধ বল প্রয়োগ করে সাইফুল ইসলামকে গুলি করে স্থায়ীভাবে পঙ্গু করার অভিযোগে কেন উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন, গুলি করার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। কমিটিকে ছয় মাসের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আইনজীবী আমীনূর রহমান শেখ বলেন, এ উদ্যোগ কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রতিহিংসামূলক নয়; বরং আইনের শাসন, রাষ্ট্রীয় জবাবদিহি, নাগরিকের মৌলিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি সাংবিধানিক পদক্ষেপ। তিনি এ বিষয়ে আদালতের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে ন্যায়বিচার প্রত্যাশা করেন।