সিলেটের কানাইঘাট সীমান্তের পর এবার জৈন্তাপুর সীমান্ত থেকে ভারত থেকে সীমান্ত পথে বিস্ফোরকের চালান আটক করেছে ৪৮ বিজিবি। এ সময় বিজিবি সদস্যরা ৫০টি উচ্চ ক্ষমতার বিস্ফোরক, ৪৮টি ডিটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে। বুধবার সকালে বিজিবি সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে ৪৮ বিজিবি’র সিও লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। তবে, এ ঘটনায় কাউকে আটক করতে পারে নি বিজিবি।
তিনি জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এসব বিস্ফোরক উচ্চমাত্রার বিস্ফোরণ ঘটাতে সক্ষম। সাম্প্রতিক সময়ে ১০টি অবৈধ অস্ত্র, গোলাবারুদ ৪৮ রাউন্ড, বিস্ফোরক পাওয়ার জেল ৫০টি, ৪৮টি ডিটোনেটর, ৫৯ ফিট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে। এ ছাড়া মাদক ও চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। এসব পাচারের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। এসব বিস্ফোরক নাশকতায় ব্যবহার করার জন্য পাচার করা হচ্ছিলো কিনা তা তদন্ত করা হচ্ছে। চোরাচালানের হোতাদের তালিকা হালনাগাদ ও তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলেও জানান বিজিবি’র এই কর্মকর্তা।
