রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুই বছরের বেশি সময় ধরে শিক্ষক সমিতির নির্বাচন নেই। ২০২৪ সালের ৫ই আগস্টের রাজনৈতিক পট-পরিবর্তনের পর বন্ধ হয়ে যায় সংগঠনটির কার্যক্রম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন নির্বাচন আয়োজনের উদ্যোগ দৃশ্যমান হয়নি। এতে শিক্ষকদের প্রতিনিধিত্বশীল নেতৃত্বের অভাব তৈরি হয়েছে। তবে কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষকদের বেতন থেকে প্রতি মাসে ২০০ টাকা করে চাঁদা কাটা হচ্ছে। এ পর্যন্ত সমিতির ব্যাংক হিসাবে ১৫ লাখ টাকারও বেশি জমা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০২৪ সালের ২১শে জানুয়ারি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক বিজন মোহন চাকী এবং সাধারণ সম্পাদক হন লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল আসাদ। তিনি শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামি। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
৫ই আগস্টের পর সমিতির কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ২১৬ জন শিক্ষক কর্মরত। তাদের প্রত্যেকের বেতন থেকে মাসে ২০০ টাকা করে চাঁদা কাটা হয়। সে হিসাবে মাসে ৪৩ হাজার ২০০ টাকা এবং বছরে ৫ লাখ ১৮ হাজার ৪০০ টাকা আদায় হচ্ছে। নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকলেও চাঁদা আদায় অব্যাহত রয়েছে। এতে অর্থের ব্যবস্থাপনা, ব্যয়ের খাত ও আর্থিক জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মোহা. মাহমুদুল হক বলেন, শিক্ষক সমিতি কোনো রাজনৈতিক সংগঠন নয়; এটি শিক্ষকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বার্থ রক্ষার গণতান্ত্রিক প্ল্যাটফরম। শিক্ষক সমিতি না থাকলে প্রশাসনের জবাবদিহি নিশ্চিত হয় না।
শিক্ষক সমিতির নির্বাচন আয়োজন করতে না দিয়ে শিক্ষকদের সাংগঠনিক ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে শিক্ষক সমিতির এক সাবেক সভাপতি বলেন, সমিতির নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতির প্রয়োজন হয় না। নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিসহ নির্ধারিত শর্ত পূরণ করে নির্বাচন করা যায়। ৫ই আগস্টের পর উপাচার্য সমিতির কার্যক্রম বন্ধ করে দেন। এ বিষয়ে লিখিত সিদ্ধান্ত চেয়েও তা পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, প্রথমে শিক্ষার্থীদের ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্রাকসু নির্বাচন হওয়ার পর শিক্ষকদের নির্বাচন আয়োজন করা হবে।
