দৈনিক মানবজমিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর খুলনার ডুমুরিয়ায় ফাতেমা ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।
আদালত সূত্রে জানা গেছে, ফাতেমা ডায়াগনস্টিক ও ক্লিনিক থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক হলেন মো. আব্দুস সবুর। জানা গেছে, প্রতিষ্ঠানটিতে স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা নিম্নমানের ও পরীক্ষা-নিরীক্ষা যথেষ্ট ত্রুটিপূর্ণ। সম্প্রতি এক রোগীর এক্স-রে রিপোর্ট নিয়ে তুমুল বিতর্ক ও জনরোষে পড়ছিলেন পরিচালক আব্দুস সবুর। উল্লেখ্য, গত বুধবার ডুমুরিয়ায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ক্লিনিক শিরোনামে খবর প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন।
