সন্ত্রাস ও অপরাধ দমনে যৌথ বাহিনীর মহড়া চলার মধ্যেই খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন ব্যবসায়ী ও এক ভ্যানচালক। মঙ্গলবার রাত ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সোলায়মান শেখ (৫৫) ও মো. খালেক (৬৫)। তাদের শরীরে গুলির ক্ষত ছাড়াও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সোলায়মান ও খালেক একটি ভ্যানে বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই থেকে তিনজন মাস্কপরা দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে সোলায়মানের ডান পায়ের গোড়ালিতে এবং খালেকের বাঁ হাতে গুলি লাগে।
এ ছাড়া দু’জনের শরীরেই একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সোলায়মানের গলা থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কী কারণে এ হামলা হয়েছে— তা এখনো জানা যায়নি। আহত দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হওয়ার পর তাদের সঙ্গে কথা বলে কোনো পূর্বশত্রুতা বা অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা জানা যাবে।
