কুমিল্লায় আওয়ামী লীগের কার্যালয় ও সাবেক এমপি’র বাড়িতে অগ্নিসংযোগ

ফন্ট সাইজ:

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে ফের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে নগরের রামঘাট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে এবং মুন্সেফবাড়িতে সাবেক সংসদ সদস্যের বাড়ির নিচতলায় অবস্থিত ব্যক্তিগত কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময়ের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের একদল নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে নগরের রামঘাট এলাকায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে যান। এ সময় গোপালগঞ্জে থানায় হামলা এবং বিএনপি’র সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে তারা বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে কার্যালয়ের সামনে আগুন জ্বালানো হয়।

অপর একটি ভিডিওতে দেখা যায়, একদল যুবক মিছিল নিয়ে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ির সামনে যান। সেখানেও তারা গোপালগঞ্জে থানায় হামলা ও এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে স্লোগান দেন। একপর্যায়ে বাড়ির নিচতলায় বাহারের ব্যক্তিগত কার্যালয়ের ফটকের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে কার্যালয়ের সামনে কাগজ ও কাঠে পেট্রোল ঢেলেও আগুন দেয়া হয়। এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিন বলেন, গোপালগঞ্জে থানায় হামলা এবং আমাদের দলের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এই বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছি।

জানা গেছে, সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার, তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. তাহসীন বাহার সূচনাসহ পরিবারের সদস্যরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি। কয়েকজন যুবক বাইরে অবস্থান করে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন।