হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন এবং ৮ ঘণ্টা কর্মদিবস। নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রম আইন বাস্তবায়ন। স্বল্পমূল্যে রেশন চালুর দাবি জানিয়েছে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার রাতে শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভা থেকে এই দাবিগুলো জানানো হয়। জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহীন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সোহেল মিয়া, কুলাউড়া উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আহমেদ, জুড়ী উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম, রবির বাজার আঞ্চলিক কমিটির সভাপতি জিলহজ্ব মিয়া, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. শাহীন মিয়া, শ্রমিক নেতা খোকন মিয়া, ফজলুর রহমান, নাসির খান প্রমুখ। সভার শুরুতে সদ্য প্রয়াত হোটেল শ্রমিক ইউনিয়নের সদর উপজেলা কমিটির সাবেক সভাপতি মো. ইউসুফ মিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। বক্তারা সভায় সাম্প্রতিক সময়ে লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট ও বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত জনগণের জীবনে নাভিশ্বাস উঠছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বাঁচার মতো মজুরি না পেয়ে অর্ধাহার-অনাহারে ক্লিষ্ট শ্রমিক-কৃষক-মেহনতি জনগণের জীবন চলাই দায় হয়ে পড়েছে। জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রেই লাগামহীন মূল্য বৃদ্ধি ঘটলেও শ্রমিক-কৃষক-জনগণের মজুরি বা আয় বাড়েনি। সরকারি কর্মচারীদের জন্য পে-স্কেলে ১৪২ শতাংশ বেতন বৃদ্ধির কথা সরকারিভাবে প্রচার করা হয়েছে। যার কারণে ইতিমধ্যে বাজারে আরেক দফা দ্রব্যমূল্য বেড়েছে। সরকার ১৪/১৫ লাখ সরকারি কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির ব্যবস্থা করলেও দেশের অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি প্রায় সাড়ে ৭ কোটি শ্রমিক-কর্মচারীদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার কোনো উদ্যোগ নেয়নি। সরকার শ্রমিক-কর্মচারীদের দাবি উপেক্ষা করে চললেও প্রভু মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে দাসত্বের বাণিজ্য চুক্তির শর্ত পূরণে জনগণের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে ২৫টি বোয়িং ও ১০টি এয়ারবাস বিমান কেনার চুক্তি করেছে। অন্যদিকে হোটেল মালিকরাও প্রতিনিয়ত তাদের খাদ্য পণ্যের দাম বাড়িয়ে মুনাফার বৃদ্ধি করলেও শ্রমিকদের নামেমাত্র মজুরি প্রদান করছেন। এমন কি গত বছরের ৫ই মে হোটেল ও রেস্তরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরির চূড়ান্ত গেজেট ঘোষণা করার এক বছরের বেশি অতিবাহিত হলেও এখনো পর্যন্ত অধিকাংশ হোটেল ও রেস্তরাঁ প্রতিষ্ঠানসমূহে ঘোষিত গেজেট বাস্তবায়ন করা হয়নি।
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের শ্রম আইন বাস্তবায়নের দাবি
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১৯ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
