ব্রাজিলের আমাজন রেইনফরেস্টের দুর্গম এলাকা থেকে বিচ্ছিন্ন একটি আদিবাসী জনগোষ্ঠীর সদস্যদের বেরিয়ে আসার বিরল ছবি সামনে এসেছে। প্রায় ২০ জনের এই জনগোষ্ঠী খাবারের সন্ধানে সরকারি একটি দলের কাছে এগিয়ে আসে। তাদের এমনভাবে লোকালয়ে আসার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। খবর রয়টার্সের।
অধিকারকর্মীরা বলছেন, অবৈধ গাছকাটা, শিকারি ও গবাদিপশুর খামারিদের অনুপ্রবেশে নিজেদের আবাসস্থল হারানোর মুখে পড়েছে তারা। ক্রমেই সংকুচিত হয়ে আসছে তাদের বসবাসের বনাঞ্চল।
বৃটেনভিত্তিক আদিবাসী অধিকারবিষয়ক সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল মঙ্গলবার ছবিগুলো প্রকাশ করেছে। সংগঠনটির দাবি, সোমবার ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানিয়াও রাজ্যের একটি এলাকায় আদিবাসী গোষ্ঠী আওয়ার সদস্যদের সঙ্গে সরকারি দলের ‘ঐতিহাসিক সাক্ষাৎ’ ঘটে। এ সময় প্রায় ২০ জন আদিবাসী খাবার চান।
সংগঠনটি জানায়, সাম্প্রতিক ইতিহাসে আওয়া জনগোষ্ঠীর সঙ্গে এ ধরনের যোগাযোগের নজির নেই। কয়েক দশকের মধ্যে এমন ঘটনা এই প্রথম হতে পারে। তাদের ধারণা, বহিরাগতদের অনুপ্রবেশের কারণে নিজেদের ভূখণ্ডে ক্রমবর্ধমান চাপের মুখে পড়েই খাবারের জন্য লোকালয়ের মানুষের কাছে এগিয়ে আসতে বাধ্য হয়েছেন তারা।
সারভাইভাল ইন্টারন্যাশনালের সংজ্ঞা অনুযায়ী, বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী বলতে এমন মানুষদের বোঝায়, যারা বহিরাগতদের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলে এবং তাদের সঙ্গে কোনো স্থায়ী সম্পর্ক রাখে না। তবে বাইরের পৃথিবী সম্পর্কে তারা একেবারেই অজ্ঞÑবিষয়টি এমন নয়।
ব্রাজিলের আদিবাসীবিষয়ক সরকারি সংস্থা ফুনাই (ন্যাশনাল ফাউন্ডেশন ফর ইন্ডিজেনাস পিপলস) রয়টার্সকে জানিয়েছে, মারানিয়াও রাজ্যের আরারিবোইয়া আদিবাসী ভূখণ্ডে বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠীর সদস্যদের একটি গ্রামের মানুষের সঙ্গে যোগাযোগের ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য তারা পর্যালোচনা করছে।
সংস্থাটি আরও জানিয়েছে, এ ধরনের যোগাযোগের পরিস্থিতি মোকাবিলায় একটি জরুরি পরিকল্পনা সক্রিয় করা হয়েছে। এর প্রধান লক্ষ্য আদিবাসীদের স্বাস্থ্যঝুঁকি যতটা সম্ভব কমিয়ে রাখা। বিশেষ করে বহিরাগতদের সংস্পর্শে এসে সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
ফুনাই বলেছে, ব্রাজিল সরকার ওই জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে না। তাদের নীতি এখনো যোগাযোগ না করার পক্ষেই রয়েছে।
ফুনাইয়ের তথ্য অনুযায়ী, আওয়া জনগোষ্ঠী মারানিয়াও রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি টুপি-গুয়ারানি আদিবাসী সম্প্রদায়। তাদের কিছু সদস্য এখনো স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপন করছেন।
চারদিক থেকে ঘিরে ধরছে ধ্বংসযজ্ঞ
সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, আমাজনের অভিভাবক বা ‘গার্ডিয়ানস অব দ্য অ্যামাজন’ নামে পরিচিত একটি আদিবাসী সংগঠনের অনুরোধে তারা ছবিগুলো প্রকাশ করেছে। ওই সংগঠনটি অবৈধভাবে গাছ কাটা ও গবাদিপশুর খামার গড়ে তোলার বিরুদ্ধে প্রচার চালায়। তবে রয়টার্স জানিয়েছে, ভিডিওটির স্থান ও ধারণের তারিখ তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ১৭ নভেম্বরের আগে অনলাইনে এর কোনো পুরোনো সংস্করণও পাওয়া যায়নি।
বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট আমাজনের বিভিন্ন এলাকায় গত কয়েক দশকে বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীগুলো অবৈধ খনিশ্রমিক, কাঠুরে ও গবাদিপশুর খামারিদের অনুপ্রবেশের কারণে ক্রমবর্ধমান হুমকির মুখে পড়েছে।
সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠী চরম চাপের মধ্যে রয়েছে। তাদের ভূখণ্ডের চারদিক থেকে বহিরাগতরা প্রবেশ করছে। ফলে তারা আমাজন অরণ্যের ক্রমেই ছোট হয়ে আসা একটি অংশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। চারপাশে চলছে বন ধ্বংসের কর্মকাণ্ড।
সংগঠনটির হিসাবে, দক্ষিণ আমেরিকা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১০টি দেশে ১৯৬টি বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী রয়েছে। এর প্রায় ৯৫ শতাংশই আমাজন অঞ্চলে বসবাস করে। শুধু ব্রাজিলেই রয়েছে এমন ১২৪টি জনগোষ্ঠী।
মারানিয়াও রাজ্যের আদিবাসীদের সংগঠন কোআপিমা মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, আওয়া জনগোষ্ঠীর সঙ্গে এ ঘটনা সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেয়ার গুরুত্ব তুলে ধরেছে।
তাদের মতে, পরিকল্পনাহীন যোগাযোগ বিচ্ছিন্ন আদিবাসীদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে বহিরাগতদের মাধ্যমে রোগ ছড়িয়ে পড়া এবং তাদের জীবন ও অস্তিত্বের জন্য অন্যান্য হুমকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
বিশেষজ্ঞ ও অধিকারকর্মীদের উদ্বেগ, বনভূমি ধ্বংস ও বহিরাগতদের অনুপ্রবেশ অব্যাহত থাকলে এসব জনগোষ্ঠীর নিজস্ব জীবনধারা ও অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। খাবারের সন্ধানে আওয়া জনগোষ্ঠীর সদস্যদের লোকালয়ের কাছে আসার ঘটনাটি সেই সংকটেরই নতুন ইঙ্গিত দিচ্ছে।
