৩৭৬ রানে ৭ উইকেট হারিয়ে কিছুটা অস্বস্তিতে থাকলেও শেষ পর্যন্ত প্রথম ইনিংসে বড় সংগ্রহই গড়েছে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনের খেলা শেষে প্রোটিয়াদের ইনিংস থামে ৫৫৭ রানে। বাংলাদেশের করা প্রথম ইনিংসের ৪০০ রানের জবাবে ১৫৭ রানের গুরুত্বপূর্ণ লিড নিয়েছে স্বাগতিকেরা।
দিনের শুরুতে ৩৭৬ রানে ৭ উইকেটে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। আগের দিন রিকেলটন ম্যাচ শেষে ১০০ রানের লিড পাওয়ার আশার কথা বললেও মাঠে তার দল প্রত্যাশার চেয়েও বেশি পেল। চতুর্থ দিনে রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদার অনবদ্য জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
৫৬ রান নিয়ে দিন শুরু করা রিকেলটন তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। ১৬৫ বলে ১০২ রান করে তিনি মেহেদী হাসান মিরাজের বলে স্টাম্পড হন। এর আগে নবম উইকেটে রাবাদার সঙ্গে ১১৭ রানের মহামূল্যবান জুটি গড়েন এই বাঁহাতি ব্যাটার।
অন্যদিকে ৩৮ রানের মাথায় তাসকিন আহমেদের বলে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ক্যাচ মিসে জীবন পান রাবাদা। সেই জীবনকে কাজে লাগিয়ে দারুণ এক ফিফটি তুলে নেন তিনি। মিরাজের এক ওভারে পরপর দুটি ছক্কা হাঁকানোর পর তৃতীয় ছক্কার শিকার হয়ে স্টাম্পড হন রাবাদা। ৯৩ বলে ১০ চার ও ২ ছক্কায় ৭২ রান করেন তিনি।
রাবাদাকে স্টাম্পিং করার মধ্য দিয়েই বিশ্বরেকর্ড গড়েছেন লিটন দাস। টেস্ট ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ আটটি ডিসমিসালের (ক্যাচ ও স্টাম্পিং) রেকর্ড এখন এককভাবে বাংলাদেশের উইকেটকিপারের দখলে। পেছনে ফেলেছেন ওয়াসিম বারি, বব টেলর, ইয়ান স্মিথ, রিডলি জ্যাকবস ও জশুয়া ডা সিলভাদের।
রাবাদার বিদায়ের পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া টেম্বা বাভুমা মাঠে নেমে অপরাজিত ৬৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। শেষ উইকেটে ডেন প্যাটারসনকে নিয়ে আরও ৪৫ রান যোগ করেন তিনি। হাসান মাহমুদের বলে প্যাটারসন বোল্ড হলেও বলটি ‘নো’ হওয়ায় বেঁচে যান এই পেসার। শেষ পর্যন্ত ইবাদত হোসেনের শিকার হয়ে ২৭ বলে ২৯ রান করে প্যাটারসন আউট হলে ৫৫৭ রানে শেষ হয় প্রোটিয়াদের ইনিংস।
বাংলাদেশের পক্ষে সফলতম বোলার হাসান মাহমুদ সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ দুটি করে এবং মুমিনুল হক একটি উইকেট লাভ করেন।
জোহেনেসবার্গ টেস্ট
১৫৭ রানের লিড পেল দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক
খেলা
৩৩ মিনিট আগে
১৮ নভেম্বর (বুধবার), ২০২৬, ৫ঃ২৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
