ক্রীড়াঙ্গনে ভারত-পাকিস্তান মানেই বাড়তি উত্তেজনা, স্নায়ুচাপ আর রাজনৈতিক বৈরিতার ছায়া। বিশেষ করে ক্রিকেটে দুই দেশের লড়াই এখন আর কেবল মাঠের প্রতিদ্বন্দ্বিতায় সীমাবদ্ধ নেই। ম্যাচের আগে-পরে করমর্দন না করা, উদযাপনে প্রতিপক্ষকে এড়িয়ে চলা—সবই যেন হয়ে উঠেছে স্বাভাবিক দৃশ্য। অথচ একই দুই দেশের ফুটবলে দেখা গেল সম্পূর্ণ বিপরীত চিত্র। শিরোপা জয়ের পর করমর্দন, অভিনন্দন, এমনকি চ্যাম্পিয়ন দলকে গার্ড অব অনার দিয়ে সম্মান জানানো। ঢাকার জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ভারত-পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল তাই শুধু শিরোপা নির্ধারণী ম্যাচ ছিল না, ছিল ক্রীড়াসুলভ আচরণেরও অনন্য এক উদাহরণ।
ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার প্রভাব সবচেয়ে বেশি দৃশ্যমান ক্রিকেটে। বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাবও এখানে বড় একটি বিষয়। আইসিসির ১২টি পূর্ণ সদস্য দেশ টেস্ট ক্রিকেট খেলে। ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে বলা হয় ক্রিকেটের ‘তিন মোড়ল’। তবে বিপুল দর্শক, বাণিজ্যিক বাজার ও আর্থিক সামর্থ্যের কারণে অন্যদের তুলনায় ভারতের প্রভাব অনেক বেশি। এ কারণে আইসিসিকে ব্যঙ্গ করে অনেকে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ও বলে থাকেন। ২০২৪ সাল থেকে আইসিসির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন ভারতের জয় শাহ। সম্প্রতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও নির্বাচিত হয়েছেন তিনি। ক্রিকেটে এই প্রভাবের পাশাপাশি দুই দেশের রাজনৈতিক বিরোধও মাঠের পরিবেশকে প্রভাবিত করছে। টসের আগে কিংবা ম্যাচ শেষে খেলোয়াড়দের করমর্দন না করার ঘটনা এখন পরিচিত দৃশ্য।
দুই দেশের মধ্যে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছিল ২০১২-১৩ মৌসুমে। এরপর রাজনৈতিক টানাপোড়েনে আর কোনো সিরিজ হয়নি। এমনকি ২০২৭ সাল পর্যন্ত আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে ভেন্যু জটিলতা এড়াতে কার্যকর রয়েছে ‘হাইব্রিড মডেল’। অর্থাৎ, এক দেশের আয়োজনে অন্য দলকে খেলতে যেতে হচ্ছে নিরপেক্ষ ভেন্যুতে। নিরপেক্ষ ভেন্যুতেও অবশ্য বৈরিতা কমেনি। ২০২৫ সালের এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা একে অন্যের সঙ্গে হাত মেলাননি। শিরোপা জয়ের পর ভারতীয় দল ট্রফি ছাড়াই উদযাপন করে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভিকে ঘিরে বিতর্কও এ ঘটনার অন্যতম কারণ। তিনি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
ক্রিকেটের এই চিত্রের বিপরীতে ফুটবলে ভারত-পাকিস্তানের সম্পর্ক অনেকটাই আলাদা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আন্তর্জাতিক প্রতিযোগিতার নিয়মকানুন কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। গত দুই বছরে দুইবার বাংলাদেশ সফর করেছে ভারতের ফুটবল দল। গত বছর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় সারির দল নিয়েও ঢাকায় এসে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড দশমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
স্বাগতিক বাংলাদেশও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপকে দিয়েছে আতিথেয়তা। হামজা চৌধুরী, শমিত সোম ও ফারহান আলী ওয়াহিদদের নিয়ে গড়া দল ফাইনালে উঠতে না পারায় হতাশা ছিল দেশের ফুটবলপ্রেমীদের। তবে ফাইনালের শেষ দৃশ্যটি ছিল দারুণ উপভোগ্য। প্রায় ১০ হাজার দর্শকের সামনে শিরোপা জয়ের পর ভারতীয় খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছে পাকিস্তান দল।
দুই দলের খেলোয়াড়েরা করমর্দন করেছেন, চ্যাম্পিয়নদের দিয়েছে গার্ড অব অনার। ক্রিকেটে যেখানে প্রতিদ্বন্দ্বিতা অনেক সময় শত্রুতার রূপ নেয়, ফুটবলে সেখানে জয়-পরাজয়ের পরও অটুট থাকে সৌজন্য। ঢাকার মাঠে ভারত-পাকিস্তানের এই দৃশ্য মনে করিয়ে দিল, খেলার আসল সৌন্দর্য শুধু শিরোপা জয়ে নয়, প্রতিপক্ষকে সম্মান জানাতেও। বৈশ্বিক বিস্তৃতি ও অংশগ্রহণের দিক থেকে ফুটবল যে ক্রিকেটের চেয়ে বেশি অন্তর্ভুক্তিমূলক, এই ফাইনাল যেন তারই আরেকটি উদাহরণ।
