টেস্টে দেড়শো বছরের ইতিহাস পাল্টে বিশ্বরেকর্ড লিটনের

টেস্টে দেড়শো বছরের ইতিহাস পাল্টে বিশ্বরেকর্ড লিটনের

ফন্ট সাইজ:

টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়েছেন লিটন কুমার দাস। জোহেনেসবার্গ টেস্টের প্রথম ইসিংসে দক্ষিণ আফ্রিকার দশ ব্যাটারের আটজন আউট হয়েছেন লিটনের হাতে। যার ছয়টি ক্যাচ আউট আর বাকি দুটি স্ট্যাম্পিং। টেস্ট ক্রিকেটে দেড়শো বছরের ইতিহাসে এতদিন এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসাল ছিল সাতটি। সেই রেকর্ডকে ছাড়িয়ে গেলেন বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাস।



১৯৭৯ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের এক ইনিংসে প্রথমবার ৭টি ডিসমিসালের নজির গড়েন পাকিস্তানের ওয়াসিম বারি। এরপর সেই রেকর্ডের অংশীদার হন ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ, ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া দা সিলভা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবাইকে ছাড়িয়ে রেকর্ডটা নিজের নামে করে নিলেন লিটন। মিরাজের বলে রায়ান রিকেলটনকে স্টাম্পিং করে ওয়াসিম বারিদের পাশে বসার পর, কাগিসো রাবাদাকেও স্টাম্পড আউট করে রেকর্ডটি নিজের করে নেন বাংলাদেশের এ উইকেটরক্ষক। জোহানেসবার্গে লিটনের সামনে আরও একটি রেকর্ডের হাতছানি। টেস্টের দুই ইনিংস মিলিয়ে একজন উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড ১১টি। তিনজনের এই কীর্তি। ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের রবার্ট রাসেল, ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে এবি ডি ভিলিয়ার্স এবং ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঋষভ পন্ত। এর মধ্যে রাসেল ও ডি ভিলিয়ার্সের কীর্তি ছিল এই জোহানেসবার্গে, যেখানে লিটন তাদের ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছেন। এর আগে ব্যাট হাতে ১৭৯ বলে ১৪টি চার ও ১টি ছক্কায় ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিটন। ষষ্ঠ উইকেটে তাওহীদ হৃদয়ের সঙ্গে গড়েন ২০৬ রানের জুটি, যার ওপর ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৪০০ রান তোলে বাংলাদেশ। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরির পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছিলেন লিটন। সেই পারফরম্যান্সের জন্য তিনি ম্যাচসেরা হন। বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বাংলাদেশের উইকেটকিপারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের তালিকায় শীর্ষে রয়েছেন। বর্তমান তার ডিসমিসাল সংখ্যা ১৫৪। মুশফিকুর রহীম ১১৩টি ডিসমিসাল নিয়ে তালিকার দুইয়ে রয়েছেন।


​