পতিত স্বৈরাচারের তৈরি করা সিন্ডিকেটের কারণে বেশ কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ রেখেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষদিনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন।
তিনি বলেন, বিদেশ গমনের কথার ক্ষেত্রে সিন্ডিকেটের যে সমস্যা, বিশেষ করে মানুষকে ঠকানো প্রকট আকার ধারণ করেছিল পলাতক স্বৈরাচারের সময়ে। আমরা দেখেছি কীভাবে তাদের লোকজন এই দেশের মানুষকে ঠকিয়ে বিদেশে নিয়ে যাওয়ার নাম করে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে। বেশ কয়েকটি দেশ এই সব কারণে তাদের তৈরি করা সিন্ডিকেটের কারণে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধই রেখেছিল। স্থগিত করে দিয়েছিল। অনেক ক্ষেত্রে স্লো করে দিয়েছিল।
প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে বহু শ্রমিক মালয়েশিয়াতে গমন করে। মালয়েশিয়াতে আমরা আলোচনার মাধ্যমে সাকসেসফুলি এই সমস্যাটি সমাধান করতে সক্ষম হয়েছি। আমরা সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ যাওয়ার যে খরচটি লাগে, সেই খরচটি ব্যয় করার মাধ্যমে প্রায় ১০,০০০ মানুষকে পাঠাতে সক্ষম হব। এই ১০,০০০ এর মধ্যে ১,০০০ বিগত স্বৈরাচারের সময়ে যারা গুম, খুনের শিকার হয়েছে, ২৪-এর আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছে বা আহত হয়েছে, এরকম মানুষ ১ হাজারের মতো।
তিনি জানান, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আলোচনা চলছে। কয়েকটি দেশ জানিয়েছে, তারাও নতুন করে সে সকল দেশে গাড়ি চালকসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ থেকে জনশক্তি নেবে। সরকার কাজ করছে যারা মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করছে, সেই সকল সিন্ডিকেটদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য।
তিনি বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার আয়ের অন্যতম প্রধান উৎস। বৈধ চ্যানেলের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধ, লেনদেন বৃদ্ধি এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। সরকার দেশের তফসিলে ব্যাংকসমূহ এবং বিদেশস্থ এক্সচেঞ্জ হাউজ মানি ট্রান্সফার অপারেটরদের মাধ্যমে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপন প্রক্রিয়ায় সহযোগিতা করেছে। এর ফলে বিদেশে নতুন রেমিট্যান্স পাঠানোর দ্রুত যুক্ত করা সহজ হচ্ছে। প্রবাসীদের জন্য অর্থ পাঠানোর বিকল্প চ্যানেল বাড়ছে এবং প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় ট্রান্সফার খরচ কমেছে। এছাড়া বৈধ পথে রেমিট্যান্স প্রবৃদ্ধি বাড়াতে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের বিপরীতে বাংলাদেশ সরকার নগদ সহায়তা প্রনোদনা প্রদান করেছে।
সংসদে প্রধানমন্ত্রী
পতিত স্বৈরাচারের কারণে বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ রেখেছিল
সংসদ রিপোর্টার
অনলাইন
৪৭ মিনিট আগে
১৮ নভেম্বর (বুধবার), ২০২৬, ৫ঃ১১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
