ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক অবসরের পর প্রথম জয়ের দেখা পেল পর্তুগাল। মঙ্গলবার রাতে উয়েফা নেশনস লিগের ম্যাচে কার্ডিফে ওয়েলসকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগাল। এই জয়ে গ্রুপ এ৪-এর শীর্ষস্থানও নিশ্চিত করেছে হোর্হে জেসুসের দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুই দল। ১১তম মিনিটে জোয়াও নেভেসের পাস থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেজ। তবে এক মিনিটের ব্যবধানে হ্যারি উইলসনের শট থেকে আসা ফিরতি বল জালে জড়িয়ে সমতা ফেরান ডেভিড ব্রুকস। ৪০তম মিনিটে ব্রুকসের পাস থেকেই গোল করে ওয়েলসকে এগিয়ে দেন সরবা থমাস। অবশ্য সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকেরা। তিন মিনিট পরই পেদ্রো নেতো গোল করে পর্তুগালকে সমতায় ফেরান।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য গড়ে দেন কার্লোস ফোর্বস। রোনালদোর বিদায়ের পর তার বিখ্যাত ৭ নম্বর জার্সিটি ওঠে ২২ বছর এই উইঙ্গারের গায়ে। রোনালদোর প্রতি সম্মান জানাতে সেই জার্সিতে ৭ সংখ্যাটির ওপর রাখা হয়েছিল একটি বিশেষ দাগ। ৭০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেই ক্লাব ব্রুগের এই ফুটবলার নিজের প্রথম আন্তর্জাতিক গোল করে দলকে জয় এনে দেন। বেন কাবাঙ্গোর হেডে ক্লিয়ার করার ভুলে বল পেয়ে দারুণ ফিনিশিং করেন তিনি।
৭৪তম মিনিটে পরপর দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পেদ্রো নেতো। শেষ ১৬ মিনিট ১০ জন নিয়ে লড়াই করলেও আর কোনো বিপদ হতে দেয়নি পর্তুগাল।
উয়েফা নেশনস লীগ
রোনালদোর ৭ নম্বর জার্সি পড়ে পর্তুগালকে জেতালেন ফোবর্স
স্পোর্টস ডেস্ক
খেলা
১৫ মিনিট আগে
১৮ নভেম্বর (বুধবার), ২০২৬, ৩ঃ৩৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
