ইনফান্তিনোর প্রতিপক্ষ নিয়ে যা জানা গেল

ফিফা প্রেসিডেন্ট নির্বাচন

ইনফান্তিনোর প্রতিপক্ষ নিয়ে যা জানা গেল

ফন্ট সাইজ:

পাঁচটি দেশের ফুটবল ফেডারেশনের সমর্থন নিশ্চিত করার পর ফিফা সভাপতি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সম্মানসূচক সভাপতি কোজো তাশিমা। বুধবার তিনি নিজে এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ১৮ মার্চ মরক্কোর রাবাতে অনুষ্ঠিতব্য ৭৭তম ফিফা কংগ্রেসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী, ভোটের চার মাস আগে অর্থাৎ বুধবার গ্রিনিচ মান সময় ২২টা ৫৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো চতুর্থ মেয়াদে নির্বাচিত হওয়ার লড়াইয়ে নামছেন। তার বিরুদ্ধেই এবার প্রথম কোনো জাপানি হিসেবে সভাপতি পদে দাঁড়ালেন ৬৮ বছর বয়সী তাশিমা।

নিয়ম অনুসারে, প্রার্থী হতে হলে অন্তত পাঁচটি সদস্য দেশের সমর্থন প্রয়োজন হয়। পাশাপাশি গত পাঁচ বছরের মধ্যে অন্তত দুই বছর ফিফা, কোনো মহাদেশীয় কনফেডারেশন বা জাতীয় অ্যাসোসিয়েশনের খেলোয়াড় বা কর্মকর্তা হিসেবে সক্রিয় থাকার বাধ্যবাধকতা রয়েছে। এক বিবৃতিতে জেএফএ জানিয়েছে, ‘১৭ নভেম্বর ফিফার কাছে একটি চিঠি পাঠিয়ে জেএফএর সম্মানসূচক সভাপতি কোজো তাশিমাকে ফিফা সভাপতি পদের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।’

জাপানের সাবেক জাতীয় দলের খেলোয়াড় ও যুব দলের কোচ তাশিমা ২০১৫ সাল থেকে ফিফা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। জেএফএ প্রকাশিত এক বিবৃতিতে তাশিমা বলেন, ‘আমাকে মনোনয়ন দেওয়ায় জেএফএ সভাপতি সুনেয়াসু মিয়ামোতো এবং বোর্ডের সব সদস্যকে আবারও কৃতজ্ঞতা জানাই। একইসঙ্গে মনোনয়নের জন্য প্রয়োজনীয় সমর্থন দেওয়া বিভিন্ন দেশের ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকেও আন্তরিক ধন্যবাদ।’

তিনি আরও বলেন, ‘দায়িত্ববোধ ও দৃঢ় সংকল্প নিয়ে আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করছি, যাতে ফিফা আরও সুস্থ ও বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হতে পারে এবং বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে আরও বেশি অবদান রাখতে পারে।’

কোন পাঁচটি দেশের সমর্থন পেয়েছেন তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করেননি তাশিমা। তবে বুধবার থাইল্যান্ডে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি জানান, সমর্থনকারী দেশগুলোর নাম পরে প্রকাশ করবেন।

নিজের নির্বাচনী লক্ষ্য সম্পর্কে তাশিমা বলেন, ‘সবার আগে আমি মনে করি, সঠিক সুশাসন প্রতিষ্ঠা এবং স্বচ্ছতা নিশ্চিত করা অপরিহার্য। আগে এই জায়গাটি ঠিক করতে হবে। এরপর এর ওপর ভিত্তি করে বিভিন্ন নীতিমালা এগিয়ে নেওয়া যাবে।’

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে প্রার্থীদের আনুষ্ঠানিক যোগ্যতা ও সততা যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে যেতে হবে। কংগ্রেসের অন্তত এক মাস আগে ফিফার সাধারণ সচিবালয় সদস্য দেশগুলোকে চূড়ান্ত প্রার্থীদের তালিকা জানিয়ে দেবে। বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার স্বত্বাধিকারী একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার উদ্যোগ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন বর্তমান সভাপতি ইনফান্তিনো। পরিকল্পনাটি শেষ পর্যন্ত ভেস্তে গেলেও বিষয়টি সামলানোর প্রক্রিয়া নিয়ে পরবর্তীতে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চান এই সুইস কর্মকর্তা।

ইনফান্তিনো ও তাশিমা ছাড়াও সভাপতি পদের লড়াইয়ে রয়েছেন সুইজারল্যান্ডের সাবেক অধিনায়ক রামোন ভেগা এবং ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো। নির্বাচনী দৌড়ে নিজে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই বলে স্বীকার করেছেন তাশিমা। তিনি বলেন, ‘এখন থেকে আমাকে খুব ভেবেচিন্তে কৌশল ঠিক করতে হবে, কী ধরনের ইশতেহার তৈরি করব এবং কীভাবে নিজের অবস্থান তুলে ধরব, তা নির্ধারণ করতে হবে।’ ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার প্রার্থী হিসেবে শেষ মুহূর্তে নির্বাচনে আসা ফিলিপ দিয়ালো মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ‘শক্তি ঐক্যবদ্ধ করতে’ তিনি তাশিমার সঙ্গে যোগাযোগ করবেন। এ বিষয়ে তাশিমা জানান, দিয়ালোর সঙ্গে তার এখনো সরাসরি কথা হয়নি। তবে দিয়ালোর ঘনিষ্ঠজনদের সঙ্গে পরোক্ষভাবে যোগাযোগ হয়েছে এবং সামনে অন্তত একবার তার সঙ্গে কথা বলার আগ্রহ রয়েছে। তাশিমা চলতি মাসের শুরুতে প্রার্থিতার ঘোষণা দেওয়ার আগেই এশিয়ার আঞ্চলিক সংস্থা এএফসি জানিয়ে দিয়েছিল যে তারা ইনফান্তিনোকে সমর্থন দেবে।

গত অক্টোবরে টোকিওতে এএফসির বিশেষ কংগ্রেসে সংস্থাটির প্রধান শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা প্রকাশ্যে ইনফান্তিনোকে সমর্থনের ঘোষণা দেন। অথচ এর মাত্র দুই মাস আগেই ফিফার টুর্নামেন্টের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনাকে ‘বিশ্বাসভঙ্গ’ বলে সমালোচনা করেছিলেন তিনি। বুধবার নিজের অবস্থান সম্পর্কে জানতে চাইলে শেখ সালমান সাংবাদিকদের বলেন, ‘আমরা আগেই আমাদের অবস্থান পরিষ্কার করেছি। এপ্রিলে ভ্যাঙ্কুভারে এএফসি নির্বাহী কমিটির সভায় এবং অক্টোবরে টোকিও কংগ্রেসে আমরা তা জানিয়েছি। বিষয়টি খুবই সহজ। এ বিষয়ে আপনারা সদস্য অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে কথা বললে ভালো হয়।’

​