আগামী বছরের শুরুতেই বাংলাদেশ সফর করবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে তিনি এই রাষ্ট্রীয় সফরে আসবেন। বুধবার কলম্বোয় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎকালে সফরের আমন্ত্রণ গ্রহণ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরটি ২০২৭ সালের একদম শুরুর দিকেই অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র জানায়, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে লেখা একটি আমন্ত্রণপত্র প্রেসিডেন্টের হাতে তুলে দেন। এতে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেন এবং ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ক জোরদারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে এবং সেই ধারাবাহিকতা এগিয়ে নিতে আগ্রহী বলেও জানান তিনি।
বৈঠকে শ্রীলঙ্কার দারিদ্র্য বিমোচনে প্রেসিডেন্টের ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন হুমায়ুন কবির। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ হাজার কিলোমিটার খাল খনন, আড়াই কোটি গাছ লাগানো এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যের কথা তুলে ধরেন। জনকল্যাণমুখী উন্নয়ন মডেলের অংশ হিসেবে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ উদ্যোগের কথাও উল্লেখ করেন।
সাক্ষাৎ ও আতিথেয়তার জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
