রূপগঞ্জে গভীর রাতে দুই বাসে অগ্নিসংযোগ, ফাঁকা গুলি

রূপগঞ্জে গভীর রাতে দুই বাসে অগ্নিসংযোগ, ফাঁকা গুলি

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যান। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের গোলাকান্দাইল এলাকার রশিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৩টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে কয়েকজন গোলাকান্দাইল রশিদ মার্কেটের সামনে আসেন। পরে সেখানে দাঁড়িয়ে থাকা মেঘলা পরিবহনের দু’টি বাসে আগুন ধরিয়ে দেন তারা। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার চিৎকার শুরু করলে তারা আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে দ্রুত পালিয়ে যান তারা। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘বাসে আগুন দেয়ার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’