নেত্রকোনায় বিএনপির কার্যালয় ও দুই রেলস্টেশনে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ

নেত্রকোনায় বিএনপির কার্যালয় ও দুই রেলস্টেশনে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ

ফন্ট সাইজ:

নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এবং দুই রেলস্টেশনে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে অতিথপুর রেলস্টেশনে পেট্রল ঢেলে আগুন দেয়ার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফর্মের বিভিন্ন অংশ ও কয়েকটি পিলারে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন এক যুবক। এ সময় প্ল্যাটফর্মের নিচে আরেক যুবকের উপস্থিতি দেখা যায়। আগুন লাগানোর পরপরই তাদের দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।

অপর দিকে ঠাকুরাকোনা ও বারহাট্টা মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক। এরপরই তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বারহাট্টা থানার ওসি চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে আজ বুধবার ভোর ৪টার দিকে বারহাট্টা উপজেলায় চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে চিরাম ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আগুন দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে কার্যালয়টি ও পাশের একটি লাকড়ির দোকান পুড়ে যায়।

বারহাট্টা থানার ওসি চম্পক দাম অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দিয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’