কলকাতায় বই নিয়ে 'যুদ্ধ' বামপন্থীদের সঙ্গে হিন্দুত্ববাদীদের

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গে বামপন্থীদের বিরুদ্ধে বই নিয়ে 'যুদ্ধ' ঘোষণা করেছে হিন্দুত্ববাদীরা। আর এ ব্যাপারে প্রথম পথ দেখিয়েছে বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিভিন্ন সময়ে দেওয়া বিবৃতি। দুর্গাপূজার সময় পূজা মন্ডপের কাছে বামপন্থী সংগঠনগুলো বইয়ের স্টল করে আসছে বহু বছর ধরে। কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই স্টল দেওয়া নিয়ে আপত্তি তুলেছেন। এরপর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বামপন্থীদের দেওয়া বইয়ের স্টলে হিন্দুত্ববাদীরা হামলা চালিয়ে বই ছিঁড়েছে। এক জায়গায় বুলডোজার নিয়ে বামপন্থী সাহিত্যের বইয়ের স্টল ভাঙার চেষ্টা হয়েছিল। তবে বইপ্রেমীদের সমবেত প্রচেষ্টায় তা ঠেকানো গেলেও মুখ্যমন্ত্রী বামপন্থীদের স্টল ভাঙচুরকে সমর্থন করে বলেছেন, পশ্চিমবঙ্গের মাটিতে আমরা কাউকে দেশবিরোধী বা সনাতনবিরোধী লেখা প্রকাশ করতে কিংবা কোনো ধর্মকে আঘাত করতে দেব না।"

তবে বামপন্থী সংগঠনগুলো এরপর বাড়ি বাড়ি গিয়ে প্রগতিশীল সাহিত্যের বই বিক্রি শুরু করেছে। সেক্ষেত্রেও হামলা চালানো হচ্ছে। তবে বুধবার সকাল থেকে বইয়ের স্টল করা নিয়ে কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে সিপিআইএমের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়ার (এসএফআই) সঙ্গে হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এভিবিপি) সঙ্গে হাতাহাতি থেকে সংর্ঘর্ষ হয়েছে।
মঙ্গলবার পুলিশের অনুমতি নিয়ে তিনদিনের জন্য কলেজ স্ট্রিটে মহাবোধি সোসাইটির সামনে ‘মিনি বইমেলা’ কর্মসূচি শুরু করেছিল সিপিএম। মূলত ছাত্র সংগঠন এসএফআইয়ের আয়োজনে বুকস্টলের কাজ চলছিল। কিন্তু পুলিশ আচমকা তাতে বাধা দেয় বলে অভিযোগ। বুকস্টল করতে না পেরে মঙ্গলবার কলেজ স্ট্রিটের রাস্তায় ট্রাম লাইনের উপরই বই সাজিয়ে বসেন এসএফআই সদস্যরা। সেখানেও তাদের তুলে দিতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছিল। এনিয়ে মঙ্গলবার প্রায় দিনভর কলেজ স্ট্রিট অশান্ত ছিল।

বুধবার পূর্ব নির্ধারিত স্থান থেকে খানিক সরে এসে নতুন করে অস্থায়ী স্টল করে এসএফআই। সকালে বামদের বুকস্টলের সামনেই পাল্টা বইয়ের স্টল সাজাতে চায় এবিভিপি। এনিয়ে দু’পক্ষ মুখোমুখি সংঘর্ষ জড়িয়ে পড়ে। হাতে বিবেকানন্দের বই, ভারতমাতার ছবি নিয়ে কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবিভিপি সদস্যরা। এসএফআইয়ের অভিযোগ, তাদের ব্যানার ছিড়ে মার্ক্স ও লেনিনের বই রাস্তায় ছুড়ে ফেলা হয়। দু’পক্ষকে থামাতে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। ব্যারিকেড, গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয় এলাকা। তাতেও পরিবেশ স্বাভাবিক হয়নি। ধস্তাধস্তির মধ্যে এসএফআইয়ের এক সদস্য আহত হয়ে মাটিতে পড়ে যান। তাকে দ্রুত উদ্ধার করা হয়। উল্টোদিকে, তাদেরও বুকস্টল করতে দিতে হবে, এই দাবি রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান এবিভিপির সদস্যরাও। এভিবিপির নেতা স্বাধীন হালদার দাবি করেছেন, “আমাদের আপত্তি আছে ওদের ইতিহাস বই বিক্রি নিয়ে। অরাজকতা সৃষ্টিকারীদের নাশ করব।”

বুধবার সকালে গার্ডরেল দিয়ে এসএফআই-এর বুক স্টল সুরক্ষিত করার চেষ্টা করে পুলিশ। কিন্তু দুপুরের পর থেকেই সেই গার্ডরেল সরিয়ে হামলা চালিয়েছে এবিভিপি। তাদের দাবি, রাষ্ট্রবিরোধী আদর্শের প্রদর্শন তারা করতে দেবে না। অন্য দিকে, স্টলের ভিতরে জাতীয় পতাকা নিয়ে বসেছিলেন এসএফআই সদস্যেরা।
বামপন্থী সাহিত্যের বইয়ের প্রচারের উপর হিন্দুত্ববাদীদের আক্রমণের প্রতিবাদে মুখর হয়েছেন শিক্ষাবিদ থেকে বুদ্ধিজীবীরা। মানবাধিকার সংগঠনের পক্ষ থেকেও এর নিন্দা জানানো হয়েছে।