একটি অনিবন্ধিত অনলাইন পোর্টাল সংসদকে প্রশ্নবিদ্ধ করছে: এমপি সেলিম ভূঁইয়া

একটি অনিবন্ধিত অনলাইন পোর্টাল সংসদকে প্রশ্নবিদ্ধ করছে: এমপি সেলিম ভূঁইয়া

ফন্ট সাইজ:

একটি অনিবন্ধিত অনলাইন পোর্টাল সংসদকে প্রশ্নবিদ্ধ করছে এবং মিথ্যা সংবাদ পরিবেশন করে মানুষকে বিভিন্নভাবে উত্তেজিত করছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সংসদ সদস্য এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিম ভূঁইয়া।

মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য দেয়ার সময় তিনি এ অভিযোগ করেন। সংসদীয় স্থায়ী কমিটির ক্ষমতা নিয়ে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের সংবাদ সংসদকে প্রশ্নবিদ্ধ করছে। পাশাপাশি ওই অনলাইন পোর্টালের পৃষ্ঠপোষকতায় সংসদের কেউ জড়িত আছেন কিনা, তা তদন্তের দাবি জানান তিনি।

সেলিম ভূঁইয়া বলেন, সংসদে বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমান ও জয়নুল আবদিন ফারুকের মতো অভিজ্ঞ রাজনীতিবিদদের। কিছু অনলাইন পোর্টাল মিথ্যা সংবাদ পরিবেশন করে মানুষকে বিভিন্নভাবে উত্তেজিত করে। একটি অনলাইন পোর্টাল বলেছে, সংসদীয় স্থায়ী কমিটির কোনো ক্ষমতাই নেই। এ ধরনের সংবাদ পরিবেশন করে তারা জাতিকে বিব্রত করছে এবং আমাদের সংসদকে প্রশ্নবিদ্ধ করেছে।

ওই অনলাইন পোর্টালটির নাম উল্লেখ করে তিনি আরও বলেন, শেখ হাসিনার সচিব হিসেবে পরিচিত এনআই খানের পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগের এক ক্যাডার বর্তমানে ‘শিক্ষা ডটকম’ নামে অনলাইনটি পরিচালনা করছেন বলে তিনি অভিযোগ পেয়েছেন। এ ছাড়া সংসদের কেউ ওই অনলাইন পোর্টালের পৃষ্ঠপোষকতায় যুক্ত রয়েছেন বলেও তারা জানতে পেরেছেন বলে দাবি করেন তিনি।

বিষয়টি তদন্ত করে সংসদের কেউ ওই পোর্টালের পৃষ্ঠপোষকতায় জড়িত থাকলে তা প্রকাশ্যে আনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্পিকারের প্রতি অনুরোধ জানান সেলিম ভূঁইয়া।