জাপানে মার্কিন আলু নিষিদ্ধ। তবে এখন দেশটি ৭৬ বছরের পুরোনো এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা ভাবছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চাপে পড়ে জাপান সরকার মার্কিন তাজা আলু আমদানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিবে। তবে জাপানের কৃষকরা জানান, এর ফলে তাদের জীবনযাত্রা হুমকির মুখে পড়বে। তাদের আশঙ্কা, মার্কিন আলুর চালানের মাধ্যমে জাপানের ফসলি জমিতে ক্ষতিকর পোকামাকড় প্রবেশ করতে পারে। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
২০০৬ সালে টোকিও শুধু চিপস তৈরির জন্য মার্কিন আলু আমদানির অনুমতি দিয়েছিল। তবে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেয়া হলে ১৯৫০ সালের পর প্রথমবারের মতো তাজা মার্কিন আলু জাপানের বাজারে জায়গা করে নেবে। জাপানের মোট আলুর প্রায় ৮০ শতাংশ হোক্কাইডোতে উৎপাদিত হয়। সেখানকার জাপান অ্যাগ্রিকালচার গ্রুপের তোশিহিদে নুমাসাওয়া জানান, পোকামাকড় ও রোগ প্রবেশের ঝুঁকির কারণে তারা বারবার এই আমদানির বিরোধিতা করেছেন। জাপানের কৃষি মন্ত্রণালয়ের মতে, দেশে এখন ৯০টিরও বেশি জাতের আলু উৎপাদিত হয় এবং ২০২৪ সালে ভোক্তারা ৩৫ লাখ টন আলু খেয়েছেন।
আলুর বিষয়টি দেশটির নতুন কৃষিমন্ত্রী আরতা তাকেবের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, পুঙ্খানুপুঙ্খ বৈজ্ঞানিক আলোচনার পরই নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিকল্পনাটি এগোবে এবং এই সিদ্ধান্ত নিতে বেশ সময় লাগতে পারে। মার্কিন পক্ষের জোরালো প্রত্যাশা থাকলেও উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য চুক্তি ছাড়া এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে না। কৃষকদের সবচেয়ে বেশি উদ্বেগ পটেটো সিস্ট নেমাটোড পোকা নিয়ে, যা মাটিতে ১৫ বছরেরও বেশি সময় বেঁচে থাকতে পারে।
চলতি বছরের শুরুতে কংগ্রেস আইনপ্রণেতারা প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কাছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিয়ে চাপ দিতে ট্রাম্পকে আহ্বান জানান। নিষেধাজ্ঞা তুলে নেয়ার পক্ষের লোকজন জানান, এর ফলে জাপানি ভোক্তাদের জন্য দাম কমবে এবং মার্কিন কৃষকরা বছরে অতিরিক্ত ১৫ কোটি ডলার বা প্রায় ১ হাজার ৮৫৯ কোটি ৭০ লাখ টাকা আয় করতে পারবেন। তবে হোক্কাইডোর কৃষকরা জানান, একবার পোকামাকড় ঢুকে পড়লে এক দশকেরও বেশি সময় ধরে আলু ফলানো যাবে না। তাই কৃষিজমির স্বার্থে তারা এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার দৃঢ় বিরোধিতা করেন।
