রংপুরে ভোরে কোচিং সেন্টারের বাসে অগ্নিসংযোগ

রংপুরে ভোরে কোচিং সেন্টারের বাসে অগ্নিসংযোগ

ফন্ট সাইজ:

রংপুরে কোচিং সেন্টারের বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৪টার দিকে নগরীর পর্যটন মোটেল সংলগ্ন লুমিনাস ক্যাডেট কোচিংয়ের একটি বাসে আগুন দেওয়া হয়। কোতয়ালী থানার ওসি ওয়াদুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, নগরীর পর্যটন মোটেলের বিপরীত পাশে বাসটি প্রতিদিনের মতো দাঁড়িয়ে ছিল। ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। অগ্নিকাণ্ডের বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুরো বাসটি ভস্মীভূত হয়ে যায়।

লুমিনাস ক্যাডেট কোচিংয়ের পরিচালক নাহিদুজ্জামান ইকবাল মাছুম বলেন, ‘আমি ছোট পরিসরে কোচিং সেন্টার চালাই। ২৮ সিটের এ বাসটি আমি ডাউনপেমেন্টে কিনে ধীরে ধীরে টাকা পরিশোধ করেছিলাম। বাসটি পুড়ে যাওয়ায় আমি মারাত্মক ক্ষতির মুখে পড়েছি। আমি চাই অগ্নিসংযোগকারীদের আইনের আওতায় আনাসহ বাসের ক্ষতিপূরণ দেয়া হোক।’

মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি ওয়াদুদ আলম বলেন, ‘আগুন দেয়ার পেছনে কারা জড়িত থাকতে পারে তা অনুসন্ধান করা হচ্ছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এ বিষয়ে মামলার প্রস্তুতি গ্রহণ করছে।’