দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ফন্ট সাইজ:

দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গতকাল বিকালে দুইদিনের সফরে কলম্বোয় পৌঁছান তিনি। এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেগুনবাগিচার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শ্রীলঙ্কার বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডিএম সালাহউদ্দিন মাহমুদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভারুনি মুতুকুমারানা। দুইদিনের এই সফরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে ও প্রধানমন্ত্রী হরিণী আমারাসুরিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে হুমায়ুন কবিরের। এ ছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। সেখানে ঢাকা-কলম্বোর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বহুমাত্রিক সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়েও কথা বলবে উভয় পক্ষ। এই সফরে শ্রীলঙ্কার ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ ছাড়া বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সার্বিক সহযোগিতার জন্য যৌথ পরামর্শক কমিশন প্রতিষ্ঠায় একটি সমঝোতা স্মারক সই হবে। দুইদিনের কর্মব্যস্ততা শেষে আগামীকাল ১৯শে নভেম্বর তার শ্রীলঙ্কা ছাড়ার কথা রয়েছে।