চট্টগ্রামে একের পর এক চাঁদাবাজি, গুলিবর্ষণ ও প্রাণনাশের হুমকির ঘটনায় আলোচনায় থাকা সন্ত্রাসী মো. রায়হান এবার ফেসবুকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। ‘গায়ে হাত দিলে সেই হাত টুকরো টুকরো করে বাজারজাত করে দেবো’ এমন ভয়ঙ্কর ভাষায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়েছেন তিনি। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ‘রায়হান আলম’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ হুমকি দেয়া হয়।
এর আগে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে রায়হানের সহযোগীদের বিরুদ্ধে। পরে মুঠোফোনে ওই ব্যবসায়ী জাফর আহমদকে প্রাণনাশের হুমকি দেন রায়হান। ফোনে তিনি বলেন, ‘এমনভাবে গুলি করবো, পোস্টমর্টেম করা যাবে না।’ পুলিশের অভিযান চললেও এখনো গ্রেপ্তার হয়নি রায়হান। উল্টো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে হুমকি এবং মুঠোফোনে চাঁদা দাবির ঘটনায় নগর জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। মঙ্গলবার সকালে দেয়া স্ট্যাটাসে রায়হান লেখেন, তার ছোট ভাইদের গালাগাল বা দূর থেকে দেয়া হুমকিতে ভয় পাওয়ার কিছু নেই। তবে কেউ কাছে আসার চেষ্টা করলে বাড়ি ফেরা নিয়ে সন্দেহ রয়েছে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
স্ট্যাটাসে আরও লেখেন, তার ছোট ভাইয়েরা পরিবারের সদস্যের মতো। তাদের গায়ে হাত দিলে সেই হাত কেটে টুকরো টুকরো করে বাজারজাত করে দেয়ার হুমকি দেন তিনি। এ বিষয়ে নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, রায়হানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তার পালানোর কোনো সুযোগ নেই। ফেসবুকে দেয়া হুমকির স্ট্যাটাসটি কাকে উদ্দেশ্য করে দেয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে রায়হানকে গ্রেপ্তার করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ী জাফর আহমদ। তিনি বলেন, রায়হানকে পুলিশ কেন ধরতে পারছে না? তার সহযোগীরা গুলি করছে, আর তিনি ফেসবুকে বসে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন। পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে।
বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে নগর ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করেন তিনি। দাবি করা টাকা না পেলে তার সহযোগীরা গুলি চালায় বলেও অভিযোগ রয়েছে। বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত রায়হান। পুলিশের দাবি, অপরাধ জগতের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত থাকার পাশাপাশি স্থানীয় পাহাড়ি এলাকার পথঘাট তার পরিচিত। এ কারণে নিজের অবস্থান গোপন রাখতে পারছেন তিনি। গত ১৪ই সেপ্টেম্বর র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছিলেন, রায়হান রাউজানের দুর্গম পাহাড়ি এলাকায় আস্তানা গড়েছেন। অবস্থান শনাক্ত এড়াতে বিদেশি প্রযুক্তি ব্যবহারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দুর্গম এলাকার কারণে অভিযান পরিচালনায় নানা সীমাবদ্ধতার কথাও জানিয়েছিলেন তিনি।
এর আগে ২২শে সেপ্টেম্বর ফেসবুকে দেয়া আরেকটি পোস্টে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সতর্ক করেছিলেন রায়হান। ওই পোস্টে প্রতিপক্ষের বিরুদ্ধে দুই পুলিশ সদস্যকে হত্যার পরিকল্পনার অভিযোগ তোলেন তিনি। তবে তার সেই দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি। ১৫ই নভেম্বর বায়েজিদ বোস্তামী এলাকায় ব্যবসায়ীর বাসায় গুলির ঘটনায় ঘটনাস্থল থেকে চারটি পিস্তলের গুলির খোসা ও একটি রাইফেলের কার্তুজের খোসা উদ্ধার করেছে পুলিশ। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন জানান, চাঁদা দাবি ও হুমকির ঘটনায় ব্যবহৃত একটি ফোন নম্বর এবং অডিও রেকর্ড পাওয়া গেছে। এসব তথ্যের সূত্র ধরে তদন্ত চলছে।
এর আগে ৯ই নভেম্বর নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় প্রকাশ্যে গুলি করে ইমতিয়াজ সুলতান নামে এক যুবককে আহত করে পাঁচ অস্ত্রধারী। তার কোমর ও পায়ে গুলি লাগে। হামলার সময় পাশের একটি ভবনে আশ্রয় নিয়ে প্রাণে বেঁচে যান তিনি। এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, ইমতিয়াজ একসময় বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী ছিলেন। গত ১৮ই ফেব্রুয়ারি অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর দুই মাস আগে জামিনে মুক্তি পান তিনি। বড় সাজ্জাদের আরেক সহযোগী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গত বছরের ১৬ই মার্চ ঢাকা থেকে পুলিশে ধরিয়ে দেয়ার কারণে ইমতিয়াজকে গুলি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী রুমা আক্তার।
