ডিএফসি’র মাধ্যমে দেশে ব্যাপক মার্কিন বিনিয়োগ হবে

ডিএফসি’র মাধ্যমে দেশে ব্যাপক মার্কিন বিনিয়োগ হবে

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেল পমেন্ট ফাইন্যান্স করপো রেশনের (ডিএফসি) স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশে ব্যাপক বিনিয়োগ ও কর্মসংস্থানের আশা করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের 
মুখপাত্র মাহ্‌দী আমিন। তিনি বলেন, আজকে ডিএফসি’র অর্থায়নের যে যোগ্যতা বাংলাদেশ লাভ করেছে, এর মাধ্যমে বাংলাদেশে ব্যাপক পরিমাণে মার্কিন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আপনাদেরকে আনন্দের সঙ্গে অবহিত করতে চাচ্ছি যে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন বা ডিএফসি’র অর্থায়নের জন্য বাংলাদেশ যোগ্যতা লাভ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে এটা অবহিত করা হয়েছে যে, এর মাধ্যমে সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ বাংলাদেশের যে বৃহৎ প্রজেক্টগুলো রয়েছে- ইনফ্রাস্টাকচার, এনার্জি, টেকনোলজি, ডিজিটাল ট্রান্সফর্মসহ বহু মাত্রিক সেক্টরে মার্কিন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি অনেক সহজতর হবে।

মাহ্‌দী আমিন বলেন, আপনারা নিশ্চয় জানেন যে, ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে যখন বিভিন্ন শ্রমবিরোধী নীতিমালা প্রণয়ন করা হয়েছিল, সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের অর্থায়ন আসেনি। এই কারণে দীর্ঘদিন ধরে সেটা বন্ধ ছিল। আজকে যে গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশ রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকারের ওপর আমরা দেখেছি বৈশ্বিক যে আস্থা ও বিশ্বাস রয়েছে, সেই ধারাবাহিকতার এটা বহিঃপ্রকাশ এবং আজকে ডিএফসি’র অর্থায়নের যে যোগ্যতা বাংলাদেশ লাভ করেছে- এর মাধ্যমে বাংলাদেশে ব্যাপক পরিমাণে মার্কিন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। শুধু তাই না, এর পাশাপাশি আমাদের গত ৯ মাসের সরকারের যে পলিসি কনটিউনিটি বা নীতিমালার ধারাবাহিকতা রয়েছে এবং গণতান্ত্রিক সরকারের ওপরে যে সর্বাঙ্গীণ আস্থা রয়েছে, সেটির আমরা বহিঃপ্রকাশ দেখতে পারছি।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, ডিএফসি’র মাধ্যমে বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যে বৃহৎ প্রকল্পগুলো রয়েছে, সামনের দিনগুলোতে সেখানে বিনিয়োগ আসবে এবং এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও সামনের দিকে এগিয়ে যাবে। ইতিমধ্যে আমরা দেখেছি, বিশ্বের বিভিন্ন দেশের যারা বিনিয়োগকারী রয়েছেন, যারা বিজনেজ ম্যান রয়েছেন- তারা বাংলাদেশের ওপর আস্থা রাখছেন এবং বাংলাদেশে যে ইনভেস্টম্যান ক্লাইমেট আমরা সকল মন্ত্রণালয় মিলে সমন্বিতভাবে তৈরি করছি, তার আলোকে বাংলাদেশের অর্থনীতি আরও সমৃদ্ধ ও স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে। সামনের দিনগুলোতে ডিএফসি’র অর্থায়নের মাধ্যমে বাংলাদেশ কীভাবে আরও বেশি বিনিয়োগ প্রবৃদ্ধি লাভ করে, বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা কীভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা রোল মডেলে পরিণত হয়, সেটি আমরা সবাই মিলে বাস্তবায়ন করবো।

যুক্তরাষ্ট্রের প্রধান আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন বা ডিএফসি এটি যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বিনিয়োগবিষয়ক প্রধান সংস্থা এবং অর্থনৈতিক কূটনীতির অন্যতম কেন্দ্রবিন্দু। সংস্থাটি উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতের প্রকল্পে অর্থায়ন, ঋণের নিশ্চয়তা প্রদান এবং ইকুইপমেন্ট বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ এগিয়ে নেয়ার কাজ করে।