সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের গাজীপুরের বাসায় আগুন

ফন্ট সাইজ:

গাজীপুরের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের গাজীপুর জয়দেবপুরের মধ্যপাড়া জোরপুকুর এলাকার বাসায় আগুন দিয়েছে কিছু লোক। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। টিনশেডের এ বাসাটি আগুন লেগে পুড়ে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় পৌনে এক ঘণ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। ওই বাসার পাশ থেকে কয়েক বোতল পেট্রোল উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের ধারণা, অতি সম্প্রতি ওই সাবেক মন্ত্রীর একটি অডিও ভাইরাল হওয়ার জের ধরেই অগ্নিসংযোগ করা হতে পারে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দমকল কর্মী ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনও ঘটনাস্থলে পৌঁছে কাজ করছেন। তবে, কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে প্রশাসনিকভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি।