মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক আইনে ত্রৈমাসিক রিটার্ন দাখিলের বিধান বাতিল করে আগের মতো প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা পুনর্বহাল করা হয়েছে। এ-সংক্রান্ত ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। মঙ্গলবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
বিলটির ওপর বিরোধী দলের সংসদ সদস্যরা জনমত যাচাই এবং বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব উত্থাপন করেন। এসব প্রস্তাবের পক্ষে সংসদ সদস্যরা আলোচনায় অংশ নেন। তবে আলোচনা শেষে কণ্ঠভোটে প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়।
এর আগে সোমবার সংসদে বিলটি উত্থাপন করা হয়। বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি কর মেয়াদে বা প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শিথিল করে তিন মাস পরপর রিটার্ন জমা দেয়ার বিধান করা হয়েছিল। এ ক্ষেত্রে তিন মাস বা তিন কর মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেয়ার সুযোগ রাখা হয়।
তবে মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা ও করদাতাদের কাছ থেকে পাওয়া লিখিত মতামতে ত্রৈমাসিক রিটার্ন পদ্ধতি নিয়ে বিভিন্ন জটিলতা ও প্রতিবন্ধকতার বিষয় উঠে আসে। এসব জটিলতা রাজস্ব আদায় এবং ভ্যাট ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করে সরকার।
বিবৃতিতে বলা হয়, তিন মাস পরপর ভ্যাট জমা দেয়ার কারণে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে অনিশ্চয়তা তৈরি হতে পারে। একই সঙ্গে তাৎক্ষণিক নগদ অর্থের প্রবাহে সংকট দেখা দেয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, তিন মাসের ভ্যাট একসঙ্গে পরিশোধ করতে গিয়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক চাপের মুখে পড়তে পারেন।
এ ছাড়া ইনপুট ট্যাক্স ক্রেডিট বা উপকরণ কর রেয়াত সমন্বয়ের ক্ষেত্রেও জটিলতা দেখা দেয়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘ তিন মাসের লেনদেনের ইনভয়েস যাচাই, রেয়াত দাবি এবং হিসাব সমন্বয় করতে গিয়ে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষের সমস্যা হতে পারে। ত্রৈমাসিক পদ্ধতিতে কোনো হিসাবের ভুল হলে তার প্রভাব দীর্ঘ সময়ের লেনদেনের ওপর পড়বে, যা সংশোধন করাও সময়সাপেক্ষ হবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, একসঙ্গে বিপুলসংখ্যক রিটার্ন জমা পড়লে সীমিত জনবল দিয়ে সেগুলো যাচাই-বাছাই, মনিটরিং ও অডিট করা কঠিন হয়ে পড়বে। পাশাপাশি যথাসময়ে কর জমা না হওয়ায় সুদ হিসাবায়ন এবং এ-চালান মডিউল পরিচালনার ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে।
এসব পরিস্থিতি বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। তবে ওই সময় সংসদ অধিবেশন চলমান না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৪ অক্টোবর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন। পরে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম বৈঠকে অধ্যাদেশটি উপস্থাপন করা হয়। অধ্যাদেশটিকে আইনে পরিণত করতেই সংসদে সংশোধনী বিল আনা হয়।
নতুন আইনে সাধারণ নিবন্ধিত বা তালিকাভুক্ত করদাতাদের কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে। অন্যদিকে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা কোম্পানি এবং শূন্য রিটার্ন দাখিলকারীদের জন্য কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
বিলে বলা হয়েছে, সংশোধিত বিধান ২০২৬ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। ফলে ত্রৈমাসিক রিটার্নের পরিবর্তে আগের নিয়মে মাসিক ভিত্তিতে ভ্যাট রিটার্ন দাখিলের ব্যবস্থা পুনর্বহাল হলো।
