দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কা পৌঁছেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার বিকালে দুই দিনের সফরে কলম্বোয় পৌঁছান তিনি। এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র জানায়, শ্রীলঙ্কার বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডিএম সালাহউদ্দিন মাহমুদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভারুনি মুতুকুমারানা।
দুই দিনের এই সফরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে ও প্রধানমন্ত্রী হরিনী আমারাসুরিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে হুমায়ুন কবিরের। এ ছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন হুমায়ুন কবির। সেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তারা। বাংলাদেশ ও শ্রীলঙ্কার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বহুমাত্রিক সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়েও আলোচনা হবে।
সফরে শ্রীলঙ্কার ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ ছাড়া বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সার্বিক সহযোগিতার জন্য যৌথ পরামর্শক কমিশন প্রতিষ্ঠায় একটি সমঝোতা স্মারক সই করবেন তিনি। আগামী ১৯ নভেম্বর তার শ্রীলঙ্কা ত্যাগের কথা রয়েছে।
