দেশের প্রতি দায়িত্বশীল হয়ে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের প্রতি দায়িত্বশীল হয়ে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ফন্ট সাইজ:

দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হয়ে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ঢাকার নবাবগঞ্জের তিনটি স্কুলের জিপিএ ফাইভপ্রাপ্ত ৫০ জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানিয়েছেন বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব হাসান শিপলু। বিকালে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। স্কুলগুলো হলো নবাবগঞ্জের কলাকোপা উচ্চ বিদ্যালয়, বান্দুরা হলিক্রশ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ।

উপ প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনটি স্কুলে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন, তাদের খোঁজ-খবর নিয়েছেন। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বলেছেন, পড়ালেখা শেষ করে তোমরা (শিক্ষার্থীরা) একদিন বড় হবে এবং বিভিন্ন পেশায় যোগ দেবে। কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ আইনজীবী, কেউ বিজ্ঞানী কিংবা শিক্ষক হবে। তবে যে পেশাতেই যাক না কেন, নিজের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বের কথা সব সময় মনে রাখতে হবে।

তিনি বলেন, প্রত্যেক মানুষের নিজের প্রতি যেমন দায়িত্ব রয়েছে, তেমনি তার চারপাশের মানুষ, সমাজ ও পরিবেশের প্রতিও দায়িত্ব রয়েছে। একজন বিবেকবান মানুষ হিসেবে রাষ্ট্র, সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে চেষ্টা করলে সমাজের কল্যাণে ভূমিকা রাখা সম্ভব।

প্রধানমন্ত্রী শিক্ষার্থী বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। পড়ালেখার পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে। শুধু মুখস্থ করে পরীক্ষা দেয়া কিংবা ভালো ফল অর্জন করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়। এর বাইরেও অনেক কিছু জানার ও শেখার রয়েছে। এসব বিষয়ে জ্ঞান অর্জন করলে শিক্ষার্থীদের জীবন আরও সমৃদ্ধ হবে এবং তারা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।

এসময়ে স্থানীয় সংসদ সদস্য ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক ও এটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দস কাজল উপস্থিত ছিলেন।