আওয়ামী লীগ পুনর্বাসিত হলে আমরা জীবন হারাবো বিএনপি সব হারাবে

আওয়ামী লীগ পুনর্বাসিত হলে আমরা জীবন হারাবো বিএনপি সব হারাবে

ফন্ট সাইজ:

আওয়ামী লীগ পুনর্বাসিত হলে আমরা শুধু আমাদের জীবন হারাবো। কিন্তু বিএনপি সব হারাবে বলে মন্তব্য করেছেন এনসিপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। গতকাল দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপি’র অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে। আপনি যদি মনে করেন জনগণও আপনার দৃষ্টিতে আওয়ামী লীগকে দেখবে, সেটা ভুল। এজন্য তাদের বিচার বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে বিএনপি’র দ্বিচারিতা আছে। যারা পলাতক দেশের বাইরে তাদের হয় মৃত্যুদণ্ড। আর যারা দেশে আছে তাদের মৃত্যুদণ্ড রায় হয় না।
বিএনপি’র একাংশের আপসকামী মনোভাবের সমালোচনা করে হাসনাত বলেন, আওয়ামী লীগ পুনর্বাসিত হলে এনসিপি’র নেতাকর্মীরা জীবন হারানোর ঝুঁকিতে পড়বেন। কিন্তু বিএনপি’র পুরো সরকারই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তিনি অভিযোগ করেন, বিএনপি’র একটি অংশ আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। অতীতে আওয়ামী লীগের সঙ্গে এমন সম্পর্কের কারণেই বিএনপি’র আন্দোলন-সংগ্রাম সফল হয়নি এবং দলটির বিভিন্ন বৈঠকের তথ্য আগেই আওয়ামী লীগের হাতে পৌঁছে যেতো।
এনসিপি’র এই নেতা বলেন, বিএনপি’র আপসকামী মনোভাবের কারণে সারা দেশের নেতাকর্মীদের জীবন আবারো বিপন্ন হতে পারে। রাজনৈতিক সমঝোতার কারণে শেষ পর্যন্ত মাঠপর্যায়ের নেতাকর্মীদেরই জীবন দিতে হবে।
বিএনপি’র নেতৃত্বের উদ্দেশ্যে হাসনাত বলেন, ৫ই আগস্টের পর জনগণ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছে, দলটি সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি।

আলোচনা সভায় প্রশ্নোত্তর পর্বে এনসিপি’র নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে জানতে চাইলে এনসিপি’র এই সংসদ সদস্য বলেন, এনসিপি’র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফের ওপর কোনো হামলা হয়নি। তবে ৫ই আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় চোরাগুপ্তা হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন।

জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রসঙ্গে তিনি বলেন, কিছু নেতা দীর্ঘদিন বেঁচে থেকেও মানুষের কাছে স্মরণীয় হন না, আবার কেউ মৃত্যুর পরও আরও বেশি জীবন্ত হয়ে থাকেন। এটি একটি প্রজন্মগত লড়াই বলেও মন্তব্য করেন হাসনাত।
বিএনপি আপসকামিতার পথে গেলে জনগণ তাদের আর আগের মতো সুযোগ দেবে না বলে মন্তব্য করেন হাসনাত। তিনি বলেন, বিএনপি’র নেতৃত্বে অতীতে আন্দোলন সফল হয়নি, কারণ তারা আন্দোলনকে সার্বজনীন করতে পারেনি।
আলোচনা সভায় এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব সারজিস আলম অভিযোগ করে বলেন, বিএনপি গত আট মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন করানো এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে অপরাধীদের সুরক্ষা দিচ্ছে। নির্বাচনে ভোটের সমীকরণ মেলাতে বিএনপি এ ধরনের সমঝোতা করছে বলেও দাবি করেন তিনি।