বহিষ্কারের পর মুচলেকায় ছাড়া পেলেন ৫ কর্মকর্তা

বহিষ্কারের পর মুচলেকায় ছাড়া পেলেন ৫ কর্মকর্তা

ফন্ট সাইজ:

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে মুচলেকা দিয়ে মুক্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ইউট্যাব ও কর্মকর্তা-কর্মচারীদের এক মিটিংয়ে তাদের মুক্তি দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে তাদের বিরুদ্ধে তদন্ত চলমান থাকবে। এর আগে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ওই পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাময়িক বরখাস্ত হওয়া পাঁচ কর্মকর্তা হলেন- পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপ-পরিচালক হিমাদ্রী শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার নুরুল হুদা এবং উপ-রেজিস্ট্রার সৈয়দুর রহমান রনি।
জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের পরও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে ক্যাম্পাসে অবস্থান করছেন এবং বিভিন্ন অপতৎপরতায় জড়িত রয়েছেন- এমন অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে আসছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এরই ধারাবাহিকতায় গত সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি, সক্রিয় কর্মী এবং কর্মকর্তা-কর্মচারীদের তালিকা জমা দেয়ার কর্মসূচি পালন করে সংগঠনটি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে অভিযান চালায় ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। বিগত সময়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন-এমন ব্যক্তিরা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বে রয়েছেন বলে অভিযোগ তুলে তাদের শনাক্ত ও আটকের উদ্যোগ নেয়া হয়। অভিযানের একপর্যায়ে বাংলা বিভাগের চেয়ারম্যানের কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকার অভিযোগে কক্ষটি ঘেরাও করেন নেতাকর্মীরা। এ ছাড়া আটক ব্যক্তিদের বিভিন্ন বিভাগ থেকে মারধর করতে করতে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।

আটকের পর সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে ওই কর্মকর্তাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্টদের সম্পৃক্ততার বিষয়টি পর্যালোচনা করা হবে। নৈরাজ্য ও নাশকতার সঙ্গে কারও জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন চূড়ান্ত ব্যবস্থা নেবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শাখা জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা বিভিন্ন দপ্তর ও বিভাগ থেকে ওই পাঁচ কর্মকর্তাকে আটক করেন। তাদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলেন তারা। পরে আটক কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে হস্তান্তর করেন। এ সময় তারা বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের করিডোরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি নামিয়ে ভাঙচুর করা হয়।

এদিকে ক্যাম্পাসের উদ্ভূত পরিস্থিতি বিষয়ে শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়ে ফিল্ম এন্ড টেভিলিশন বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, কয়েকদিন আগে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যার সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিল। প্রশাসনের বিভিন্ন পদে থেকে এখনও অনেক কর্মকর্তা-কর্মচারী কায়ক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশের মাধ্যমে ক্যাম্পাস অশান্ত করতে চাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এই বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেয়া উচিত।