রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুইটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ৯টায় পল্লবী সিরামিক্স রোডে ’মিরপুর সুপার লিংক’ নামের দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন। তিনি বলেন, দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি দুপুর থেকে সেখানে দাঁড়ানো ছিল। একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় নেয়া হয়।
অন্যদিকে রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।
