সিরাজগঞ্জ সদরে খোলামেলা পরিবেশে অবৈধভাবে পশুর চামড়া পুড়িয়ে কয়লা তৈরি করায় ৬০ হাজার টাকা জরিমানা ও কারখানার স্থাপনা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার সয়দাবাদ আমতলা এলাকায় অভিযান চালিয়ে এই অর্থদণ্ড ও স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম। সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওই কারখানায় অনুমোদনহীনভাবে গবাদিপশুর চামড়া আগুনে পোড়ানো হতো। এতে দুর্গন্ধ ছড়িয়ে আশপাশের পরিবেশের মারাত্মক ক্ষতিকর উপাদান ছড়িয়ে পড়তো। যা আমাদের পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এ ছাড়া কারখানার বর্জ্য মিশ্রিত পানি আশপাশের কৃষিজমি ও জলাশয়ে মিশে জলজপ্রাণী ধ্বংস করছে। এসব কারণে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর ১২ ধারা লঙ্ঘনের দায়ে ১৭ ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা আদায়সহ এস্কেভেটর দিয়ে কারখানাটির সকল স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া পরিবেশ দূষণমূলক কোনো প্রকার কর্মকাণ্ড না করার জন্য কারখানা মালিককে নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি) ও পুলিশ সদস্যসহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
