শেরপুরের নালিতাবাড়ীতে সরকারি প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ শহরের কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টার থেকে প্রায় ১৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ চারজনকে গ্রেপ্তার এবং প্রায় দুই লাখ টাকার মালামাল উদ্ধার করেছে। গত ১১ই নভেম্বর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াছমীন নালিতাবাড়ী থানায় মামলাটি করেন। এজাহার সূত্রে জানা যায়, শহরের থানা ও বালিকা বিদ্যালয়সংলগ্ন হোস্টেলটির কার্যক্রম প্রায় দুই বছর ধরে বন্ধ। পাহারাদার না থাকায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় সিসিটিভি ক্যামেরা অকার্যকর ছিল।
এ সুযোগে পর্যায়ক্রমে মালামাল চুরি হচ্ছিল। গত ১০ই নভেম্বর পাশের বাসার আইপিএসের ব্যাটারি চুরির সূত্রে বিষয়টি প্রতিবেশীদের নজরে আসে। পরদিন ইউএনওকে জানানো হলে মহিলা বিষয়ক কর্মকর্তা ও তার কার্যালয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন কক্ষের তালা ভাঙা দেখতে পান। এজাহারে চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ৬৪টি কম্পিউটার, ৪৮ ইঞ্চি টিভি, ছয়টি এসি, সাবমার্সিবল পাম্প, জেনারেটরের তার ও ব্যাটারি, সাব-স্টেশনের তার, আইপিএস, মিক্সার মেশিন এবং ইলেকট্রনিকস অ্যাসেম্বলি ও ইলেকট্রিক্যাল ট্রেডের প্রশিক্ষণ সরঞ্জাম। মূল্য প্রায় ১৫ লাখ টাকা। মামলায় শামীম হাসান সাঈদ, শহিদুল ইসলাম শাহিন, আকরাম হোসেন, রিফাত, তানভীর আহমেদ, ভাঙারি ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম ও জীবনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, গ্রেপ্তার চারজনের মধ্যে আকরাম ও শামীম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকি দু’জনের ৫ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে অভিযান চলছে। এদিকে সাম্প্রতিক সময়ে রাজনগর ও নন্নী ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে মাইক ও ব্যাটারি চুরি হয়েছে। গত ৮ই নভেম্বর শহরের এস এ কম্পিউটার থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকার মোবাইল ফোন এবং একই দিন ভোর ৪টা ২৫ মিনিটে উত্তর বাজার কালীবাড়ি মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরি হয়। তাদের দাবি, মসজিদ-মন্দির, বাজার ও সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার, রাতের পুলিশের টহল বৃদ্ধি এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
